ভাঙন ঠেকাতে শ্রম-ঘামের বাঁধ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী। ২০ ফুট প্রস্থ ও সাত ফুট উচ্চতার এ বাঁধের ৪০ ভাগ নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজে ক্ষুব্ধ গ্রামবাসী এবার নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের আশায় এ উদ্যোগ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে বাঁধ নির্মাণের কাজ চলছে। কেউ মাটি কাটছেন, কেউ বস্তায় বালু ভর্তি করছেন, কেউ করছেন বাঁশের পাইলিং। এভাবে প্রতিদিন শতাধিক লোক কাজ করছেন। স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের জামাল হোসেন (৫৫) বলেন, ‘নদী হামার ঘরে সবকিছু কাড়ি নিচে। সোরকারের দিকি চায়া থাকি নাভ নাই। তাই নিজের কাম নিজেরা করব্যার নাগচি।’ তিনি আরও বলেন, ফুলছড়ি ভাঙন প্রতিরোধ কমিটির ডাকে বর্ষার আগেই এলাকাবাসী বাঁধটি নির্মাণে একমত হয়েছে। ১৭ দিন হলো কাজ শুরু হয়েছে। পুরো বাঁধটি হতে আরও এক মাস লাগবে।
উদ্যোক্তারা জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের ভেতর দিয়ে যমুনা নদী প্রবাহিত। প্রতি বর্ষায় এই নদীর ভাঙনে গজারিয়া ও আশপাশের গ্রামের ঘরবাড়ি, আবাদি জমি বিলীন হয়। আসন্ন বর্ষায় ভাঙন ঠেকানো না গেলে নদীর পশ্চিম পাশের গজারিয়া গ্রামের ফুলছড়ি কলেজ, সিনিয়র আলিম মাদ্রাসা, দুটি মন্দির, শহীদ মিনার, সাবেক উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, একাত্তরের বধ্যভূমি, গণকবর এবং গজারিয়ার পাশের নামাপাড়া, কামারপাড়া, বরমতাইর ও গোবিন্দি গ্রামের শত শত একর আবাদি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে যাবে।
উদ্যোক্তারা আরও জানান, গ্রামবাসী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা ও বাঁশ দিয়ে সাহায্য করেছেন।
ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ‘বর্ষার আগেই বাঁধটির নির্মাণকাজ শেষ করতে পারব বলে আশা করছি। তবে আরও ১০ লাখ টাকা দরকার। আর্থিক সহায়তা চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে।’
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় বলেন, পাউবো শুকনো মৌসুমে কাজ করে না। যেই ভাঙন শুরু হবে, লুটপাটের জন্য তাদেরও কাজ শুরু হবে। সেই কাজ বর্ষাতেই বিলীন হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কারও ভরসায় না থেকে এলাকাবাসীর এই প্রচেষ্টা প্রশংসনীয়।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, গজারিয়া এলাকায় ভাঙন রোধে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গত ৩০ মার্চ দরপত্র আহ্বান করা হয়েছে। এরই মধ্যে ৫৯ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই কাজ শুরু হবে।