ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী। উপজেলার পূর্ব ফরহাদাবাদ গ্রামের শাহ চৌমুহনী এলাকায় এ নির্মাণকাজ চলছে।
ওই এলাকার সমাজসেবক আলী আজম ছাদেক বলেন, ‘দীর্ঘদিন থেকে এখানে সরকারিভাবে কোনো বেড়িবাঁধ নির্মাণ না করায় হালদার পাড়ে ভাঙন দেখা দেয়? গত এক সপ্তাহের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা ফুলে ফেঁপে ওঠে। এ বাঁধটি দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে এবার একেবারে পাড়ের কিনারে এসে ঠেকে।’
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় শতাধিক লোক বাঁধের ভাঙা অংশ মেরামতে কাজ করছেন। পাশেই নদীর স্রোত এসে বাঁধের প্রায় ৬০ ফুট এলাকায় ধাক্কা লাগছে। আর মাত্র দুই ফুট ভাঙলেই তলিয়ে যাবে উপজেলার দৌলতপুর, রোসাংগিরী, নিশ্চিন্তাপুরসহ গ্রামের পর গ্রাম।
এলাকার রাজনৈতিক কর্মী মো. মইন উদ্দিন জানান, উজানে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবর্ষণে হালদায় পানি বেড়ে যাওয়ায় উপজেলার একাধিক বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। কয়েক দিন থেকে এই বাঁধের ৫০ থেকে ৬০ ফুটে ভাঙন ধরেছে। এখনই মেরামত করা না গেলে সামনে বড় বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। তাই ভাঙনরোধে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ-গাছের পাইলিং ও বালুর বস্তা ফেলার কাজ করছেন।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে একজন কৃষক মো. এয়াকুব বলেন, ‘নদীর ভাঙনে বারবার বাড়ি-ঘর হুমকির মধ্যে রয়েছে। আবাদি জমি যা আছে তার সব নদীতে তলিয়ে যাবে। অন্তত কোনোমতে বাঁধটা ঠেকানোর ব্যবস্থা করছি।’
ওই এলাকার মো. রুবেল, আনিস, আবদুল হালিম, হাসান, মুন্না, ওবায়েতসহ কয়েকজন জানান, তাঁরা নিজেদের প্রয়োজনেই এই বাঁধ রক্ষার কাজ করছেন। অতীতে প্রশাসনসহ কেউ এখানে বাঁধ নির্মাণে কোনো কাজ করেনি?
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী বলেন, বাধ্য হয়ে নিজেদের স্বার্থরক্ষায় গ্রামবাসী নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে ও বাঁশ-গাছের পাইলিং করে বাঁধটি কোনোভাবে রক্ষার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার অনেক অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় জরুরি ভিত্তিতে এসব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত এসব কাজ করার উদ্যোগ নেওয়া হবে।