ভাঙন ঠেকানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিভিন্ন নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় আবার ভাঙন শুরু হয়েছে। এতে বিভিন্ন স্থাপনা, বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকানোর দাবিতে ভূরুঙ্গামারী, নাগেশ্বরীসহ বিভিন্ন এলাকার মানুষ গত সোম ও বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে। জানা গেছে, কুড়িগ্রামের বুকচিরে ব্রহ্মপুত্র, দুধকুমোর, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদী প্রবাহিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রথমেই এসব নদ-নদীর তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়। আবার পানি কমে যাওয়ার সময়ও এসব এলাকা ভাঙে। গত এক সপ্তাহ আগে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। গত বুধবার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট এলাকার সোনাহাট সেতু, পাকা সড়ক এবং পাইকেরছড়া গ্রাম রক্ষায় এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। গত সোমবার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মানুষ গঙ্গাধর নদীর ভাঙন থেকে মাদারগঞ্জ বাজার রক্ষায় মানববন্ধন ও সমাবেশ করে। নাগেশ্বরীর নুনখাওয়া, চিলমারীর অষ্টমীর চর ও সদর উপজেলার ভোগডাঙ্গা নন্দদুলালের খামার ও মোগলবাসা চর সীতাইঝাড় এলাকার মানুষ সরকারের কাছে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসাফুদ্দৌলা বলেন, ‘ভাঙন রোধে তহবিল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার লিখছি। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’