ভাঙন ঠেকাবে ঝিনুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরপাড়ে স্থাপিত কংক্রিটের গোলাকৃতির রিংয়ে জমেছে কস্তুরা (ঝিনুক)। রিংয়ের গায়ে কস্তুরা জমে প্রাচীরের রূপ নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন থেকে সম্প্রতি তোলা ছবি l সংগৃহীত
সাগরপাড়ে স্থাপিত কংক্রিটের গোলাকৃতির রিংয়ে জমেছে কস্তুরা (ঝিনুক)। রিংয়ের গায়ে কস্তুরা জমে প্রাচীরের রূপ নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন থেকে সম্প্রতি তোলা ছবি l সংগৃহীত

* ঝিনুকের প্রাচীর উপকূলরক্ষা বাঁধের ভাঙন ঠেকাবে

*কুতুবদিয়ায় গবেষণায় সাফল্য পাওয়া গেছে

সাগরের ক্ষুদ্র জীব ঝিনুক ঠেকিয়ে দিতে পারে বিশাল ঢেউয়ের প্রবল আঘাত। ঝিনুকের প্রাচীর প্রাকৃতিকভাবেই উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করে। এই প্রাকৃতিক ঘটনাটিকে এবার কাজে লাগানোর পদ্ধতি বের করেছেন একদল গবেষক। দেশের দক্ষিণাঞ্চলে উপকূল রক্ষা বাঁধগুলোর ভাঙনরোধে কাজে লাগানো হবে ঝিনুককে, স্থানীয়ভাবে যা ‘কস্তুরা’ নামে বেশি পরিচিত।

বাংলাদেশেরই একদল বিজ্ঞানী এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছেন। তাঁরা বলছেন, জোয়ার, জলোচ্ছ্বাসে উপকূলের বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে সমুদ্রেরই সম্পদ ঝিনুককে কাজে লাগিয়ে উপকূলে প্রাকৃতিক বেষ্টনী তৈরি করা সম্ভব। ইতিমধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় পরীক্ষামূলকভাবে ‘কস্তুরা প্রাচীর’ তৈরি করে মূল বেড়িবাঁধের ভাঙন অনেক কমিয়ে আনা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও নেদারল্যান্ডসের ওয়াহেনিনগেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন রিসোর্স অ্যান্ড ইকোসিস্টেম স্টাডিজের একদল গবেষক যৌথভাবে এই গবেষণা করছেন। তাঁরা বলছেন, কস্তুরা প্রাচীর বেড়িবাঁধের সুরক্ষা দেওয়ার পাশাপাশি সাগরের অংশে পলি জমে ভূমির পরিমাণ বাড়াবে। কুতুবদিয়ায় মাঠপর্যায়ের গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে।

প্রাকৃতিক সংকট সমাধানে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগানোর এ ধরনের পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ইকো-ইঞ্জিনিয়ারিং বা পরিবেশ-প্রকৌশল।

যেভাবে বানানো হয় কস্তুরা প্রাচীর

গবেষকেরা যেভাবে পরীক্ষাটি চালিয়েছেন, সেটা খুব সহজ। উপকূলীয় মূল বাঁধ থেকে কিছুটা দূরে সাগরের বালুতে কংক্রিটের গোলাকৃতির ‘রিং’ স্থাপন করা হয়। সাগরের পানিতে ভেসে আসা কস্তুরা এই রিংয়ের গায়ে জমে জমে প্রাচীরের আকার ধারণ করে। এটিই ‘কস্তুরা প্রাচীর’। প্রতি বর্গমিটারে এক হাজারের বেশি কস্তুরা জমে। ১২ মাসই কস্তুরার প্রজনন মৌসুম। ফলে কস্তুরা জমা হওয়ার হার নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

গবেষক দল জানাচ্ছে, বাংলাদেশে এই প্রযুক্তি নতুন হলেও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এ প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে। গবেষকদের মতে, কস্তুরা এমন এক সামুদ্রিক জীব, যারা নিজেদের বাসস্থানকে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে রূপান্তর ও বিকাশ ঘটিয়ে অন্যান্য জীবের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

গবেষণায় সাফল্য

গবেষক দল ২০১৫ সালের জুনে কুতুবদিয়ায় এই গবেষণা শুরু করে। উপজেলায় বড়ঘোপ ইউনিয়নের বড়ঘোপ জেটির পাশের একটি নির্দিষ্ট জায়গাকে পাঁচটি ইউনিটে (অংশ) ভাগ
করেন গবেষকেরা। প্রতিটি ইউনিট ২০ মিটার দীর্ঘ। এর মধ্যে তিনটি ইউনিটে কংক্রিটের রিং (ব্যস ১ মিটার, উচ্চতা ৭৫ সেন্টিমিটার) স্থাপন করা হয়। বাকি দুটি ইউনিট খালি রাখা হয়। ভাঙনের পরিমাণ ও ভাঙনরোধের হার নির্ণয় করার জন্যই মূলত ইউনিটগুলোর কোথাও রিং বসানো হয়, আবার কোথাও রিংবিহীন অবস্থায় রাখা হয়।

প্রায় এক বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষক দল দেখতে পায়, রিংবিহীন অংশের তুলনায় রিং বসানো অংশে বাঁধের ভাঙন কমেছে প্রায় ৫৬ শতাংশ। কংক্রিটের গায়ে জমা হওয়া কস্তুরার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ এক বছর পর্যন্ত বেঁচে ছিল। এতে প্রাচীরের পুরুত্ব বেড়েছে। বছরে প্রাচীরের পুরুত্ব বেড়েছে ২ সেন্টিমিটার।

গবেষণায় দেখা গেছে, কস্তুরা প্রাচীর শুধু ঢেউয়ের আঘাতই ঠেকায় না, বাড়তি কিছু উপকারও এ থেকে পাওয়া যায়। এ প্রাচীর ৩৪ প্রজাতির মাছ, ১১ প্রজাতির কাঁকড়া, ১৬ প্রজাতির চিংড়ি, ৩৫ প্রজাতির শামুক বা খোলস জাতীয় প্রাণীর উপযুক্ত আবাসস্থল তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। রিংয়েরপ্রতি বর্গমিটার অংশ থেকে বছরে পাঁচ কেজি করে কস্তুরা জমবে। আবার প্রতি বর্গমিটার কস্তুরা প্রাচীর থেকে ২৩ কেজি মাছ, ১৬ কেজি চিংড়ি ও ১৭ কেজি কাঁকড়া পাওয়া যেতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের সহকারী অধ্যাপক ও গবেষক দলের অন্যতম সদস্য শাহ নেওয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, উপকূলের বাঁধগুলো ঘূর্ণিঝড়, জোয়ার ও ঢেউয়ের কারণে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয়। সাগরে বিলীন হয় বসতভিটা ও জমি। কস্তুরা প্রাচীর সাগরের ঢেউ ও জোয়ারের সরাসরি আঘাত থেকে মূল বাঁধকে রক্ষা করবে। এতে মূল বাঁধ ও কস্তুরা প্রাচীরের মধ্যবর্তী জায়গায় পলি জমে ভূমি সৃষ্টি হবে। এ ছাড়া কস্তুরা প্রাচীর অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গবেষণায় দেখেছেন তাঁরা।

প্রাচীর তৈরির খরচ

এক কিলোমিটার দীর্ঘ এক স্তরের কস্তুরা প্রাচীর তৈরি করতে ১ হাজার কংক্রিটের রিং প্রয়োজন। প্রতিটি রিং তৈরিতে খরচ পড়বে ৫ হাজার টাকা। অর্থাৎ এক কিলোমিটার এলাকায় এক স্তরের কস্তুরা প্রাচীর তৈরিতে খরচ পড়বে ৫০ লাখ টাকা। তিন স্তরের হলে এতে ব্যয় হবে দেড় কোটি টাকা। মূল বাঁধের সামনে যদি কস্তুরার প্রাচীর স্থাপন করা হয়, তখন পাঁচ বছরে মূল বাঁধ একবার সংস্কার করলেই হবে বলে জানান গবেষক মোহাম্মদ শাহ নেওয়াজ।

কস্তুরা প্রাচীর নিয়ে গবেষণার বিষয়টি শুনেছেন বলে জানান পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম সামছুল করিম। তবে গবেষণা সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই।

কী উপকারে আসবে কস্তুরা প্রাচীর

কস্তুরা প্রাচীর সাগরের ঢেউ প্রশমন করবে। এতে উপকূলীয় এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এবং প্রধান সুরক্ষা বাঁধের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। কংক্রিটের রিংয়ে কস্তুরা জমতে জমতে তা স্থায়ী কস্তুরা বাঁধে রূপান্তরিত হবে। কস্তুরা প্রাচীর পলিপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করবে এবং একে ঘিরে প্যারাবন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গবেষক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী জানান, এই কস্তুরা প্রাচীর রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই।

এ ধরনের প্রাচীর ‘ওয়েব ব্রেকার’ হিসেবে কাজ করে বলে জানান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী। তিনি বলেন, মূল বাঁধের সুরক্ষায় এই ধরনের পদ্ধতি কার্যকর। এটি সাগরের ঢেউকে প্রশমন করে। ভূমির ক্ষয়রোধ হয়। তবে এই পদ্ধতির কার্যকারিতা প্রাচীরের নির্মাণশৈলীর ওপর নির্ভর করে বলে জানান তিনি।