ভাঙন থামেনি হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার
ব্রহ্মপুত্র নদে পানি কমলেও কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে ভাঙন থামেনি। গত তিন দিনে এই এলাকায় ভাঙনে ২০টি বসতভিটা বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি বাজার। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনে হাতিয়া ইউনিয়নের মাঝিপাড়া ও ভাটিগ্রামের সহস্রাধিক বসতভিটা, গাছপালা ও শতাধিক হেক্টর আবাদি জমি বিলীন হয়ে যায়। এতে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে ৫০-৬০টি পরিবার সব হারিয়ে বাঁধের রাস্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ঝুপড়ি করে বসবাস করছে।বর্ষাকাল চলে যাওয়ার পরেও ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে গত কয়েক দিনে অনন্তপুর এলাকার ২০টি বসতভিটা বিলীন হয়েছে। ভাঙনের কারণে মাঝিপাড়া, ভাটিগ্রাম, মুন্সিপাড়া, কুমারপাড়া, সরকারপাড়া, নয়াডারা, হাতিয়ার গ্রামের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়, হাতিয়ার মেলা বালিকা দাখিল মাদরাসা, নয়াডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াডারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে।গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে মাত্র ২০০ গজ দূরে বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ ভবন। অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিলরুবা বেগম ও সুরাইয়া বেগম বলে, ‘বিদ্যালয়ের ভবন ভেঙে গেলে আমাদের ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উলিপুরে গিয়ে লেখাপড়া করতে হবে।’ স্থানীয় সূত্রে জানা গছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দুই কোটি টাকা ব্যয়ে বর্ষা মৌসুমে অনন্তপুর এলাকায় কাজ করেছে। কিন্তু ভাঙন রোধ করা যায়নি। ভাঙন না থামায় বাগুয়া অনন্তপুর বাজার, হাতিয়া ইউনিয়ন পরিষদ ভবন, হাতিয়া আশ্রয়ণ প্রকল্প, হাতিয়া ডাকঘর, হাতিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়, গ্রামীণ ব্যাংক, স্মৃতিস্তম্ভ হুমকির মুখে রয়েছে। হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, বাগুয়া অনন্তপুর বাজার হাতিয়া ইউনিয়নের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র। এই বাজার ব্রহ্মপুত্র নদের ভাঙনে যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, এক মাস আগে বৃষ্টি ও ভাঙনের সময় নির্মাণকাজ চলায় বাঁধ টেকেনি। ওই এলাকায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।