ভাঙন থেকে বাঁচবে তো বিদ্যালয়টি?

তিস্তা নদীর ভাঙন পাড়ে দাঁড়িয়ে থাকা রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারদিকে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তারপরও শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন শিক্ষার্থী-শিক্ষকসহ সবাই।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, নদীটি ভাঙতে ভাঙতে দেয়ালঘেরা চৌচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম কিনারে এসে ঠেকেছে। বালুর বস্তা ফেলে নদীভাঙনের কবল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, একসময় বিদ্যালয়টি নদী থেকে অনেক দূরে ছিল। তখন নদীর তলদেশের গভীরতাও ছিল অনেক। এখন নদীতে পলি পড়তে পড়তে তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তৈরি হওয়া বন্যায় নদীর ভাঙন আগের চেয়ে অনেক বেশি হয়। এবার পানি বাড়তে শুরু করলে বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সরকারি হয় ১৯৭২ সালে। ১৯৯৪ সালে পাকা ভবন নির্মাণ করা হয়। পাকা দেয়ালের ওপরে চৌলা টিন। বর্তমানে এ বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ আছেন পাঁচজন শিক্ষক।
এলাকাবাসী ও শিক্ষকদের সূত্রে জানা যায়, এলাকার সাংসদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার হস্তক্ষেপে সম্প্রতি বিদ্যালয়টি রক্ষার জন্য এর চারদিক ঘিরে বালুর বস্তা ফেলা হয়েছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও সাথি রায়, চতুর্থ শ্রেণির ছায়ামনি ও উম্মে কুলসুম বলে, স্কুলে এলেও ভয় লাগে। এতটুকু খালি জায়গা নেই। দৌড়াদৌড়ি করে খেলতে পারে না তারা।
অভিভাবক হারুন অর রশীদ বলেন, এই স্কুলে বাচ্চাদের পাঠাতে এখন ভয় করে। কিন্তু আশপাশে আর কোনো বিদ্যালয়ও নেই। তাই বাধ্য হয়ে এখানেই সন্তানদের পাঠাতে হচ্ছে।
প্রধান শিক্ষক বদরুল হাসান বলেন, যেভাবে নদী ভাঙছে, তাতে বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে কি না, তা বলা মুশকিল। শিক্ষার্থীদের ক্লাস কোনো রকমে নেওয়া হয়। প্রথম সাময়িক পরীক্ষা এখনো হয়নি। তিনি আরও বলেন, নদী ভাঙতে ভাঙতে স্কুলের মাঠ চলে গেছে। এখন অ্যাসেম্বলি করার মতো জায়গাও নেই।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, ক্লাস করতে এসে প্রতি মুহূর্তে শিশুদের নিয়ে ঝুঁকির মধ্যে থাকতে হয়। খুব সাবধানে চলাফেরা করতে হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদ আহমেদ বলেন, নদীর ভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষার জন্য এরই মধ্যে বালুর বস্তা ফেলা হয়েছে। এখন নদীর গতিপথ পরিবর্তনের কাজ করা হচ্ছে।