ভাঙন থেকে রক্ষা পেতে পশু কোরবানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য লালমনিরহাটের পাটগ্রামে পশু কোরবানি দেওয়া হয়েছে৷
গতকাল সোমবার উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়নের বাসিন্দারা নদীর পাড়ে পাঁচটি ছাগল জবাই করেন৷ এ সময় তাঁরা ‘আল্লাহু’ লেখা ময়দার এক লাখ ৬০ হাজার বড়ি নদীতে ফেলেন।
ঘটনাস্থলে উপস্থিত মহিমপাড়ার সৈয়দ শামসুল হক (৫৮), লেবু মিয়াসহ (৩৭) ছয়-সাতজন জানান, সকাল সাড়ে আটটার দিকে তিস্তার পশ্চিম তীরে প্রায় দেড় কিলোমিটার এলাকার মধ্যে পাঁচটি স্থানে পাঁচটি ছাগল কোরবানি করা হয়৷ ওই পাঁচটি স্থানে পাঁচজন হাফেজ কোরআন তিলাওয়াত করেন।
সকাল সাড়ে আটটায় দহগ্রামের মহিমপাড়া এলাকায় তিস্তার পশ্চিম-উত্তর পাশ থেকে নৌকায় উঠে ১০০ কেজি ময়দার তৈরি এক লাখ ৬০ হাজার বড়িতে আল্লাহু লিখে দোয়া পড়তে পড়তে পানিতে ফেলা শুরু হয়৷ বেলা দেড়টা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় দুই দফায় মোট চারবারে বড়িগুলো পানিতে ফেলা হয়। এরপর পশ্চিম মহিমপাড়ার খানকা শরিফের সামনে মোনাজাত করা হয়৷ এতে ২০০ লোক অংশ নেন৷ মোনাজাত পরিচালনা করেন হলদিবাড়ী পীর সাহেবের নাতি দাবিদার সৈয়দ শামসুল হক।
লেবু মিয়া বলেন, সরকার নদীর তীরে ২০০ মিটার বাঁধ দিয়ে আর কোনো খবর নিচ্ছে না। তিস্তার ভাঙনে দহগ্রাম ছোট হয়ে আসছে। তাই স্থানীয় লোকজনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, কোরবানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ পাশাপাশি আল্লাহু লেখা এক লাখ ৬০ হাজার ময়দার বড়ি পানিতে ফেলে ভাঙন থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷