ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রতিষ্ঠিত লাইব্রেরিসহ চরবাড়িয়া এলাকায় নদীভাঙন প্রতিরোধ এবং সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরির উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই মানববন্ধন করা হয়।
বক্তরা বলেন, কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে। আবেদন-নিবেদন করার পরও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই সঙ্গে তালতলী বাজার থেকে লামচরী বাজার আরজ আলী মাতুব্বরের লাইব্রেরি পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কও সংস্কারের দাবি জানানো হয়।
আরজ আলী মাতুব্বর পাবলিক লাইবেরির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লামচরীবাসীর পক্ষে শামীম মাতুব্বর, জলিল গোলদার, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এ কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের হারুন অর রশীদ, আওয়ামী লীগের নেতা তরুণ চন্দ, ঐক্য ন্যাপের এস বি বাবুল, গণনাট্য সংস্থার সম্পাদক বীরেন রায়, আউব হোসেন প্রমুখ।
পরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। পাঁচ দফার মধ্যে রয়েছে কীর্তনখোলা নদীর তীরে পাইলিং করে বাঁধ নির্মাণ, নদীর পানিপ্রবাহের গতি পরিবর্তনে নদী খনন, ক্ষতিগ্রস্ত পরিবারের পর্যাপ্ত সহযোগিতা, তালতলী বাজার থেকে লামচরী পর্যন্ত সড়ক সংস্কার এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেওয়া।