ভাঙন রোধের দাবিতে কীর্তনখোলা অবরোধ

বরিশালে কীর্তনখোলার ভাঙন প্রতিরোধে নদীপথ অবরোধ করে গতকাল বুধবার প্রতিবাদ জানান এলাকাবাসী। ইঞ্জিনচালিত ট্রলার, নৌকাসহ প্রায় ৩০টি নৌযানে লোকজন ওই অবরোধে অংশ নেন। একই সঙ্গে নদী তীরে চলে মানববন্ধন কর্মসূচি।
২৪ ঘণ্টার মধ্যে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওয়ের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আয়োজকেরা।
সকাল ১০টায় ‘আমরা বাঁচতে চাই’ সংগঠনের ব্যানারে বরিশাল নগরের চরবাড়িয়া এবং বেলতলা এলাকায় কীর্তনখোলা নদীতে ওই অবরোধ কর্মসূচি পালিত হয়। নৌপথ অবরোধের কারণে এক ঘণ্টার জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে কীর্তনখোলা নদীর ভাঙনে বেলতলা, চরবাড়িয়া এলাকার হাজার হাজার একর জমি বিলীন হয়ে গেছে। বসতবাড়ি হারিয়ে অসহায় হয়েছে শত শত পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের পাঠাগার, পাশের মাধ্যমিক বিদ্যালয়, বেলতলার শিপইয়ার্ডসহ বেশ কিছু প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। প্রতিবার শুধু আশ্বাস দিলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করা হবে।
আমরা বাঁচতে চাই সংগঠনের আহ্বায়ক মো. জালাল হোসেনের সভাপতিত্বে নদীর মধ্যে নৌযান কর্মসূচিতে বক্তব্য দেন বরিশাল সদর চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, আইউব হোসেন, জহিরুল হক খান, ইউপি সদস্য হাসিনা বেগম, ওয়াহিদুল হক তালুকদার প্রমুখ।
একই সময় বেলতলায় শিপইয়ার্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের উদ্যোগে সেখানে কীর্তনখোলা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য ছাড়াও নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।
চরবাড়িয়া এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য মো. শাহ আলম জানান, কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনে শত শত পরিবার নিঃস্ব হয়েছে। এখনো ভাঙন হুমকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। অচিরে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নিলে এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে একাধিবার জানালেও তারা কর্ণপাত করছে না।
পাউবো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরউদ্দিন বলেন, কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে কয়েক বছর ধরে প্রকল্প তৈরি করে পাঠানো হয়। প্রকল্প অনুমোদন না হওয়ায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। জরুরি অর্থ বরাদ্দ চেয়েও চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ আসেনি।