ভাঙন রোধ ও সেচের দাবিতে বিক্ষোভ
পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী জেলাকে রক্ষা, সেচব্যবস্থার উন্নয়নের জন্য গঙ্গা ব্যারাজ নির্মাণ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
বেলা ১১টায় রাজশাহী নগরের কোর্ট শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়। পরে মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এর অনুলিপি পানিসম্পদ মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়।
এর আগে সমাবেশ থেকে বক্তারা এই অঞ্চলের কৃষি ও কৃষকদের বাঁচাতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান। তাঁরা বলেন, রাজশাহী জেলার দক্ষিণ-পূর্ব পাশ ঘেঁষে পদ্মা নদীর প্রায় ৭০ কিলোমিটার বিস্তৃত। ভাঙনে এই অঞ্চলের সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, বাগান ও অন্যান্য কৃষিজমি প্রতিবছরই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নিঃস্ব হচ্ছে মানুষ। এলাকা নদীভাঙনের ঝুঁকিমুক্ত হলে টেকসই আর্থসামাজিক ও পরিবেশগত উন্নয়ন হবে। তাঁরা চারঘাট, বাঘা ও পবার চর খিদিরপুরে বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামাত খান, আবু বাক্কার আলী, মোস্তাফিজুর রহমান খান, মঞ্জুর হাসান, দেবাশীষ প্রামাণিক, আশরাফুল হক, সাইদুর রহমান খান, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোদাগাড়ী মডেল থানার সামনে ভগবন্তপুর, রেলবাজার, সারেংপুর, সুলতানগঞ্জ এবং রাজশাহী শহর রক্ষা বাঁধের শ্মশানঘাট থেকে তালাইমারী শহীদ মিনার এবং বুলনপুর থেকে নবগঙ্গা, নবগঙ্গা থেকে সোনাইকান্দি পর্যন্ত এবং পবা উপজেলার খানপুর, খিদিরপুর ও চর মাঝারদিয়াড় এলাকার ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজ করা জরুরি। কৃষিপ্রধান উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানিনির্ভর সেচব্যবস্থায় পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এখনই খুঁজে বের করতে হবে। কেননা, বৃহত্তর রাজশাহীতে শিল্পকারখানা গড়ে না ওঠায় এখনো কৃষি জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু কৃষিতে এখনো আধুনিক ও বিজ্ঞানসম্মত সেচব্যবস্থা গড়ে ওঠেনি। কৃষি বিশেষজ্ঞদের মতে, ভূ-উপরিস্থ পানিনির্ভর সেচব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে বন্যামুক্ত বরেন্দ্র এলাকায় তিনটি ফসল ফলানো সম্ভব। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের সঙ্গে ৩০ বছরের স্থায়ী পানিচুক্তি দেশের উত্তরাঞ্চলের জন্য আশীর্বাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।