ভাঙন রোধে নিজেরাই বাঁশ পুঁতছেন
অনেক দিন ধরেই নদীর পাড় ভাঙছে। অনেক কৃষিজমি এরই মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে। এখন এলাকার একটি মাজার, মসজিদ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কাছে ভাঙন রোধের দাবি জানিয়েছেন। কোনো ফল হয়নি। উপায়ন্তর না দেখে এখন নিজেরাই স্বেচ্ছায় অর্থ ও শ্রম দিয়ে ভাঙন রোধে নেমে পড়েছেন। ভাঙন রোধের এই চেষ্টাটি চলছে ধলাই নদীর মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলা গ্রামের মনুর মুখে।গতকাল শনিবার মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এলাকাবাসীর উদ্যোগে ভাঙন রোধের স্থানটি পরিদর্শন করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেউ নগদ টাকা দিয়েছেন। কেউ বাঁশ দিয়েছেন। কেউ স্বেচ্ছাশ্রমে বাঁশ কেটেছেন। এখন চলছে ভাঙন রোধে বাঁশের গড় তৈরির কাজ। প্রতিদিন ১৫ জন পেশাদার শ্রমিক কাজ করছেন। প্রায় এক সপ্তাহ ধরে এই ভাঙন রোধের কাজ চলছে।শাহজামাল জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মো. মুহিবুর রহমান বলেন, ‘আমি এই গ্রামে ৩০ বছর ধরি বাস কররাম। এখানে বাঁধ ভাঙলে মৌলভীবাজার শহর পানিতে তলিয়ে যাবে। এখন মাজার, মসজিদ ও স্কুলের নিরাপত্তা নাই।’বাঁশতলা গ্রামের ছাদেক মিয়া বলেন, ‘ধলাই নদী এখানে মনু নদীতে গিয়ে পড়ছে। বহু জায়গা ভাঙ্গি নিছে। এখনো ভাঙছে। আমরা এখন ভাঙার মাঝে পড়ি রইছি। বাঁধ রক্ষা করার কোনো উপায় নাই। পাবলিক বেচারা অইয়া বাঁশ-কাশ দিয়া বাঁধ রাখার চেষ্টা কররাম।’সাংসদ সৈয়দ মহসীন আলী বলেন, ‘নিজেরা যেভাবে বাঁশের গড় দিয়ে বাঁধের ভাঙন মেরামত করছেন। সেটা চমৎকার উদ্যোগ। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলব, যাতে তারা এখানে পাথর ফেলে বাঁধ দিয়ে এলাকাকে রক্ষা করে। এ বিষয়ে পানিসম্পদমন্ত্রীর সঙ্গেও কথা বলব, যাতে এলাকার জন্য বড় প্রকল্প নেওয়া হয়।’মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এলাকাবাসী জানিয়েছেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বেড়েছে। উপজেলা প্রশাসনকে বলেছি, আপাতত ভাঙন রোধের ব্যবস্থা নিতে। পানি উন্নয়ন বোর্ডকে বলব, যাতে তারা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে।’পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাকে এমপি সাহেব ফোন করেছিলেন। আমি আজ (শনিবার) ঢাকায়। কাল (আজ রোববার) এলাকা দেখতে যাব। এসব ভাঙন রোধের জন্য বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে।’