ভাঙন রোধে বাঁশের স্পার ভরসা পাচ্ছে না এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙন রোধে বগুড়ার শেরপুরে বাঙালী নদীতে বাঁশের তৈরি ছোট আকারের স্পার নির্মাণ করা হচ্ছে। তবে তাতেও আতঙ্ক কমেনি ক্ষতিগ্রস্তদের। তাঁদের আশঙ্কা এতে নদীভাঙনের কবল থেকে ঝাঁজর হালদারপাড়া রক্ষা পাবে না; বরং এই স্পার নির্মাণের নামে সরকারের টাকা অপচয় হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঙালী নদীর ভাঙন থেকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর হালদারপাড়া রক্ষায় এক সপ্তাহ আগে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে বাঁশের স্পার নির্মাণের কাজ শুরু করে। এতে ব্যয় হবে তিন লাখ টাকা। স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই যুগে নদীভাঙনে বিলীন হয়ে গেছে ঝাঁজর হালদারপাড়ার শতাধিক পরিবারের বাড়িঘর। অনেকে জমি হারিয়েছেন। প্রতি বছরই ভাঙন অব্যাহত রয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বাঙালী নদীর তীরে বাঁশের ছোট আকারের স্পার তৈরি করা হচ্ছে। নদীর ২১৬ মিটার এলাকায় মোট ২৪টি স্পার নির্মাণ করা হবে। ভাঙনে ক্ষতিগ্রস্তরা জানান, তাঁদের এলাকায় বাঙালী নদীর প্রায় সাড়ে ৬০০ মিটারজুড়ে ভাঙন দেখা দিলেও যে পরিমাণ জায়গায় এই স্পার তৈরি হচ্ছে তা সামান্য।নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নারায়ণ হালদার বলেন, যেসব বাঁশের স্পার তৈরি করা হচ্ছে নদীর পাড় থেকে অনেক নিচে। নদীতে পানি বাড়লে তা ডুবে থাকবে। তখন এই স্পার ভাঙন ঠেকাতে পারবে না। তিনিসহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এই খাঁচা আরও উঁচু করার জন্য ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে জানিয়েছেন। কিন্তু তাঁদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। এলাকার সাইদুল ইসলাম ও কামরুল ইসলামের ভাষ্য, এই কাজে সরকারি টাকা অপচয় ছাড়া আর কিছুই হবে না। খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, স্পার তৈরির বিষয়টি তাঁকে জানানো হয়নি। যে স্পার তৈরি হচ্ছে, তাতে ভাঙন ঠেকানো যাবে না। ঠিকাদার রেজাউল করিম বলেন, পানি উন্নয়ন বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে তিনি সেভাবেই কাজ করছেন।কাজের নিয়মিত তত্ত্বাবধানকারী পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের কার্য সহকারী আকরাম হোসেন জানান, প্রতিটি স্পারে ১৫ থেকে ১৮ ফুট লম্বা ৩৮ থেকে ৪২টি বাঁশ ব্যবহার হচ্ছে। আর বাঁশের নিচের মাটি যাতে সরে না যায়, সে জন্য মাটির ওপর ৭২ থেকে ৭৫টি প্লাস্টিকের বস্তায় বালু ভরে ফেলাসহ প্রত্যেক স্পার গাছের ডালপালা দিয়ে ভরে রাখা হবে। এতে স্রোত বাধাপ্রাপ্ত হবে এবং নদীভাঙন রোধ হবে। পাউবো বগুড়ার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক দাবি করেন, বাঁশের যে ছোট আকারের স্পার তৈরি করা হচ্ছে, তা নদীর পারে পানির স্রোত কমাবে এবং কিছুটা হলেও নদীভাঙন রোধ হবে।