ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর
পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম ফরিদপুরের বিভিন্ন জায়গায় নদীভাঙন রোধ করতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি গতকাল শুক্রবার ফরিদপুরের তিনটি উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার ও সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি চরভদ্রাসন উপজেলা সদরের এমপি ডাঙ্গিতে ও হাজিগঞ্জ বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে এসব জায়গায় যান। প্রতিটি জায়গাতেই তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, নদীভাঙনে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়। তাই ভাঙন বন্ধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।