ভাঙন রোধের দাবি পাঁচ গ্রামবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলুপ্ত ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের ভেতর দিয়ে প্রবাহিত ধরলা নদীর ভাঙনের­ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বিলুপ্ত ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের ভেতর দিয়ে প্রবাহিত ধরলা নদীর ভাঙনের­ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বিলুপ্ত ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের ভেতর দিয়ে প্রবাহিত ধরলা নদীর অব্যাহত ভাঙনে ছিটমহলটির সঙ্গে উপজেলা শহরের যোগাযোগের একমাত্র মেঠোপথটির প্রায় দেড় কিলোমিটার নদীতে বিলীন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের মানুষ।
ফলে উপজেলা শহরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। ভাঙনকবলিত অংশের পাশে আবাদি জমির ফসল নষ্ট করে গ্রামবাসী ঘোষপাড়া গ্রাম দিয়ে বিকল্প রাস্তা দিয়ে তাঁদের কৃষিপণ্য নিয়ে চলাচল করছেন। তা ছাড়া পাঁচটি গ্রামের আবাদি জমিসহ বাড়িঘর, সড়কসহ বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের হুমকি মুখে পড়েছে। চলতি বর্ষা মৌসুমেই ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা
গতকাল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের পাঁচ গ্রাম বাঁশকাটা, দয়ালেরটারী, মোমিনপুর, বসতটারি ও ঘোষপাড়া অংশ দিয়ে ধরলা নদীটি বাঁক খেয়েছে। এতে নদীর বাঁকে প্রবল স্রোতের ঘূর্ণন ও ধাক্কায় গত বর্ষা মৌসুমে ভাঙনে বাঁশকাটা-ঘোষপাড়া মাটির কাঁচা সড়কটির প্রায় আধা কিলোমিটার বিলীন হয়ে গেছে। তা ছাড়া গত বছরের বন্যায় ওই সড়কের বাঁশকাটা-ঘোষপাড়া-নন্দেরঘাট-বসতটারী ধবলগুড়ি সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক নদীগর্ভে চলে গেছে। ওই ইউনিয়নে ধবলগুড়ি-সরকারেরহাট আঞ্চলিক সড়কে দুটি সেতুও ভেঙে গেছে।
দয়ালেরটারী গ্রামে কৃষক আহের আলী বলেন, ‘বড় ঘাটাটা (রাস্তা) নদীত ভাঙ্গি গেইল। এলা ঘাটা নাই। ছোট ছোট ঘাটা দিয়া হামার ধান, পাট কষ্ট করি বন্দরের বাজারোত নিয়া যাবার নাগে। এতে কষ্টও বাড়ে হামার আবার গাড়ি ভাড়াও দিবার নাগে খুব বেশি। ঘাটাটা বান্ধিলে (বাঁধ) জমিলাও বাঁচে আবার হামার বন্দরো যাবার সুবিধা হয়।’
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার জানান, ‘ওই স্থানে ধরলা নদীভাঙন রোধের জন্য তিনটি স্থানে ১ হাজার ৭০০ মিটার বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন এসেছে। তবে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলচ্ছে। আশা করছি চলতি মাসেই এ প্রক্রিয়া শেষ হবে। তাই আশা করছি শিগগিরই নদীর ভাঙন রোধে বাঁধের কাজ শুরু করা যাবে।’