ভাঙনকবলিত এলাকায় পানির দরে গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মার ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা পানির দরে গাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ঘরবাড়ি সরানোর খরচের টাকা জোগাতে গত এক মাসে অন্তত এক হাজার পরিবার প্রকৃত বাজারমূল্যের অর্ধেকের কম দামে গাছ বিক্রি করেছেন।
ভাঙনকবলিত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে ইউনিয়নের পদ্মা তীরবর্তী বেশির ভাগ গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনের শিকার এসব পরিবার রাস্তা, বাঁধ, অন্যের জমি ইজারা নিয়ে বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর সরানোর খরচের টাকা জোগাতে গবাদি পশুও পানির দরে বিক্রি করছে। অনেকে থাকার ঘরও বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
বাঘাবাড়ি গ্রামের এরশাদ সরদার ১৫টি জাম, ১২টি মেহগনি, একটি আম, চারটি কদম, পাঁচটি নিম ও ১২টি অন্যান্য প্রজাতির গাছ মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন; যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। তিনি বলেন, ‘ঘরবাড়িই সরাব, নাকি গাছপালা রক্ষা করব। এ কারণে বাইরে থেকে আসা অনেকেই গাছাপালা নিয়ে যে দাম দিচ্ছেন, তা-ই নিচ্ছি।’ বেথুরী গ্রামের পান্নু সরদার জানান, চোখের সামনেই পাঁচটি বড় মেহগনি ও জামগাছ নদীতে চলে গেছে। বাকি আরও প্রায় ১০ হাজার টাকা দামের চারটি মেহগনি গাছ মাত্র তিন হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। সাজাপুর গ্রামের রমজান সরদার বলেন, প্রায় ৯০ হাজার টাকা দামের দুটি গরু ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ভাঙনকবলিত এলাকায় ঘরবাড়ি সরাতে বা গাছপালা কাটতে একজন শ্রমিকের মজুরি দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। মালামাল সরাতে ট্রলার ভাড়া লাগে ২০০০ থেকে ২৫০০ টাকা। মূলত এসব খরচের টাকা জোগাতে ক্ষতিগ্রস্ত মানুষ যে দাম পাচ্ছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকছেন। তিনি জানান, ইউনিয়নের বাঘাবাড়ি, সাজাপুর, চর দেলন্দি, বেথুরী ও দেবগ্রাম গ্রামে ভাঙনের শিকার এক হাজার ৪০০ পরিবারেরই এই করুণ দশা।
উপজেলা বন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে সঠিক পরিসংখ্যান জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় সবাই বাধ্য হয়ে গাছপালা বিক্রি করেছেন। খরচের টাকা ওঠাতে বিভিন্ন বয়সী বহু প্রজাতির গাছপালা নামমাত্র দামে তাঁরা বিক্রি করতে বাধ্য হয়েছেন।