বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি গ্রামের অনেক শিশু লেখাপড়া ছেড়ে দিচ্ছে। ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গত পাঁচ বছরে ভাঙনকবলিত এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কয়েক শ শিক্ষার্থী কমে গেছে।
স্থানীয় কয়েকজন লোক, শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বরাকোঠা ইউনিয়নের চতলবাড়ি, সাকরাল, পরমানন্দশাহ, নারীকেলী গ্রামে সন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ৪০-৪৫ বছর ধরে নদীর এই এলাকা ভাঙলেও পাঁচ বছর ধরে ভাঙনের তীব্রতা বেড়েছে। গত পাঁচ বছরে ওই চার গ্রামের প্রায় তিন কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এসব জায়গার ৩৫০টি পরিবারের বাড়িঘর ছাড়াও বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে।
চতলবাড়ি গ্রামের শাহজাহান খানের স্ত্রী রানু বেগম (৪৫) বলেন, ‘গেল বর্ষায় নদী ভাইঙা বাড়িঘর যাইতে যাইতে এ্যাহন মোর পোলাপান লেহাপড়া ছাইড়া দিছে।’ তাঁর মেয়ে সুমা আক্তার (১৩) বলে, সে চতলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তিন বছর ধরে সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে।
নারীকেলী গ্রামের আরিফ হোসেন (১৪) বলে, চার বছর ধরে সে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ওই সময় সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তিনবার নদীভাঙনে বাড়িঘর বিলীন হওয়ায় তারা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। এ কারণে তার লেখাপড়া ছাড়তে হয়েছে।
১২ জানুয়ারি চতলবাড়ি এলাকার সন্ধ্যা নদীর পাড়ে আবির হাওলাদার (১১), হাসেম সরদার (১২), কৌশিকসহ (৮) কয়েকটি শিশুকে খেলতে দেখা যায়। স্কুলের সময়ে এখানে কেন জানতে চাইলে তারা বলে, গত বছর বাড়িঘর জায়গাজমি নদীতে বিলীন হয়ে যাওয়ায় তারা এখন অন্যের বাড়িতে বসবাস করছে। এ কারণে তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে।
সাকরাল গ্রামের ভানু বেগম বলেন, বাড়িঘর ভেঙে যাওয়ায় বাবুল মেম্বারের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ কারণে দুই নাতনি অষ্টম শ্রেণির ছাত্রী খুকু মণি ও পঞ্চম শ্রেণির ছাত্রী মীম আক্তারের লেখাপড়া দুই বছর ধরে বন্ধ করে দিয়েছেন।
চতলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বাড়ৈ বলেন, বিদ্যালয়ের দুটি পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরে দুবার বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। এরপরও বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাঁচ বছর আগে এই স্কুলে সাড়ে ৪০০ শিক্ষার্থী ছিল, বর্তমানে ১১৫ জন শিক্ষার্থী রয়েছে।
চতলবাড়ি আ. মজিদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী বলেন, তাঁর বিদ্যালয়ের একাধিক ভবন বিলীন হয়ে গেছে। মূল স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘর নির্মাণ করে পাঠদান চলছে। গত পাঁচ বছরে তাঁর বিদ্যালয়ের ৩০০-৪০০ শিক্ষার্থী কমেছে। বরাকোঠা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন বলেন, অব্যাহত নদীভাঙনে বিদ্যালয়গুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে।