ভাঙনকবলিতদের পুনর্বাসন ও বাঁধের দাবি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার নড়িয়া উপজেলা শহর ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়িয়া উপজেলা পরিষদ এবং সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সুরেশ্বর ওয়াপদা চন্ডিপুর বাঁধ বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। এতে নড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়। শরীয়তপুরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এতে হাচান আলী রাড়ী, ইমাম হোসেন দেওয়ান, মোতাহার শিকারী, মিহির চক্রবর্তী, শরীয়তপুর পৌরসভার মেয়র আবদুর রব মুন্সী প্রমুখ বক্তৃতা করেন। গত দুই মাসে পদ্মা নদীর ভাঙনে নড়িয়া উপজেলার কেদারপুর, ঘড়িসার, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের দুই হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। তিন হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।