ভাঙনকবলিতদের শেষ সম্বল গাছ কম দামে বিক্রি
ভোলার সদর উপজেলার ভাঙনকবলিত বঙ্গেরচরের মানুষ কম দামে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করতে বাধ্য হচ্ছে। কাঠ ব্যবসায়ীরা চক্র (সিন্ডিকেট) করে দাম কমিয়ে দেওয়ায় তারা ন্যায্যমূল্য পাচ্ছে না। একই সঙ্গে ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিবহনের অনুমতি ছাড়াই এসব গাছ অন্য জেলায় নিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।বঙ্গেরচরের দক্ষিণ রামদাসপুর গ্রামের মাঝিবাড়ির বাসিন্দা অমূল্য চন্দ্র। তাঁর বসতভিটা নদীতে চলে গেছে। তিনি বাড়িতে বাগান করেছিলেন। তাঁর বাগানে রেইন ট্রি, মেহগনি, কড়ই, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের ৫৪টি গাছ ছিল। এর দাম বাজারে কমপক্ষে দুই লাখ টাকা। কিন্তু তিনি মাত্র ১৫ হাজার টাকায় তা বিক্রি করে দিয়েছেন।অমূল্য চন্দ্র ক্ষোভ নিয়ে বলেন, ‘বেয়ারীগো (কাঠ ব্যবসায়ী) আর কি দোষ দিমু, গাঙ্গোৎ সব হুদা করছে, বেয়ারীরা কি আত (হাত) বইর্যা (ভরে) টিয়া দিব! বিরাট বিরাট গাছের ইচ্ছামতো দাম কয়, বাজারদর মানে না, ভাইঙ্গা নেওনেরতোন পানির দরে ব্যাচোনই ভালা।’অমূল্যের মতো এই চরের ভাঙনকবলিত অনেক মানুষ অর্থের অভাবে তাদের গাছ পানির দরে বেচে দিচ্ছে। আর ব্যবসায়ীরা এসব গাছ ভোলার বাইরের জেলায় অবৈধভাবে পরিবহন করে ৮-১০ গুণ বেশি দামে বিক্রি করছেন।এলাকাবাসী অভিযোগ করেন, মাইনুদ্দিন খান, শমসের, মিন্টু হাওলাদার, মো. কামাল ব্যাপারি, মো. সাইফুল ও আক্তার ব্যাপারি কম দামে বঙ্গেরচর থেকে গাছ কিনছেন।বঙ্গেরচরের কাঠের ব্যাপারি মাইনুদ্দিন খান বলেন, তাঁরা গাছ কিনে চেরাইয়ের পর তা কার্গো-নৌকায় করে চাঁদপুর ও ঢাকায় পাঠাচ্ছেন। এই কাঠ পাঠানোর জন্য তাঁদের কোনো ‘পরিবহন অনুমতি’ নেই। অনুমতি নেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।দক্ষিণ রামদাসপুর গ্রামের ভাঙনকবলিত নজির আহমেদ জানান, এলাকার কাঠ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য আছে। সবাই এক দাম হাঁকান। তাঁর ৫৬ শতাংশ জমিতে বাজারমূল্য অনুযায়ী এক লাখ টাকার গাছ ছিল। গাছের বয়স কম হওয়ায় মাত্র ৩০ টাকা মন দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ভোলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, নদীভাঙনে মানুষ অসহায় হয়ে পড়ে, তার ঘরটি বাঁচানোর সামর্থ্য থাকে না। মানুষ গাছ লাগায় ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। সেই ভবিষ্যৎ পানির দরে বিক্রি করে দেওয়া নতুন কিছু না। সরকারের ভাঙনকবলিত এলাকার মানুষের গাছ বিক্রিতে সহায়তা করা উচিত। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে কাজে লাগানো যেতে পারে। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাঈদ আলী বলেন, কোনো কাঠ ব্যবসায়ী ভোলার বাইরে চেরাই গাছ পরিবহন করতে চাইলে তাঁকে সরকার থেকে ‘পরিবহন অনুমতি’ নিতে হবে। অনুমতি নিতে গেলে ক্রয়পত্র দিয়ে গাছের ন্যায্যমূল্য নির্ধারণ করা যাবে।জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম বলেন, এসব অসাধু ব্যবসায়ীকে সামাল দেওয়া যাচ্ছে না। অন্য কোনো উপায় বের করা উচিত। তবে বেসরকারি সংস্থাকে কাজে লাগানো যেতে পারে।