ভাঙনে অর্ধেক হয়ে গেছে দহগ্রাম
বিভিন্ন সময়ের বন্যায় তিস্তার ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের প্রায় অর্ধেকই বিলীন হয়ে গেছে। চলতি মাসে নদীর পানি বেড়ে এ ইউনিয়নের আরও পাঁচটি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে পড়েছে।
এবার দহগ্রামের মহিমপাড়া, পশ্চিমবাড়ী, মুর্শিদাবাদী মক্তব, সরদারপাড়া, এক নম্বর ওয়ার্ড, নতুন বাজারসহ বিস্তীর্ণ এলাকা নতুন করে ভাঙনের মুখে পড়েছে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘এরই মধ্যে বন্যায় ২২ দশমিক ৬৮ বর্গকিলোমিটার আয়তনের দহগ্রাম-আঙ্গরপোতার প্রায় অর্ধেক নদীগর্ভে চলে গেছে। এখনো প্রতিদিন কিছু কিছু করে নদীতে বিলীন হয়ে ইউনিয়নটি ক্রমশ ছোট হয়ে আসছে।’
হাঁড়িপাড়া গ্রামের তালু মুন্সিসহ চারজন বলেন, উজানের পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টিতে পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে তিস্তা। গত ২৫ দিনে মহিমপাড়া, পশ্চিমবাড়ী, সরদারপাড়াসহ কয়েক এলাকার ফসলি জমি, গাছাপালা, রাস্তাঘাট বিলীন হয়ে গেছে। এখন বিভিন্ন জনের বসতভিটা ভাঙনের মুখে পড়েছে। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেকে অর্থাভাবে তা-ও পারছেন না।
নদীভাঙনে বসতবাড়ি হারিয়ে মহিমপাড়া-নয়ারহাট সংযোগ সড়কে একটি টিনের চালা তুলে পরিবার নিয়ে বসবাস করছেন মহিমপাড়া গ্রামের গ্রামপুলিশ তহিদুল। তিনি বলেন, ‘মুই কোনো দিনও বুঝিবার পাঁও নাই নদী এক দিনে মোর বাড়িঘরসহ আট দোন (দুই একর) জমি ভাঙ্গি ধরি যাইবে। মোর এলা কী হইবে বুঝিবার পাঁওছো না। এক আইতোত মোর শোগে (সব) চলি গেইল নদীত।’ ৪ সেপ্টেম্বর তাঁর বসতভিটাসহ দুই একর জমি নদীতে বিলীন হয়।
হাঁড়িপাড়া গ্রামের আলী আকবর বলেন, ‘কয় দিন আগোত মোর দুই দোন (৫০ শতাংশ) জমি নদীত চলি গেইছে।’
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে দহগ্রামের উজানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৯১৬ মিটার বাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এবং ২০১০-১১ অর্থবছরে এক কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। চলতি বছরে নদীর তিন অংশে আরও ৬০০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।