ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মেঘনার ভাঙনে নিঃস্ব লোকজন তিনটি চরের খাসজমিতে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই তিনটি চরের বিস্তীর্ণ জমি ভূমিদস্যুরা দখলের পাঁয়তারা করছে। তবে প্রশাসন বলছে, ওই ইউনিয়নের আশপাশে এসব লোককে পুনর্বাসনের মতো কোনো খাসজমি নেই। রাজাপুর ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, রাজাপুর ইউনিয়ন বঙ্গের চর ও দক্ষিণ রাজাপুর মৌজায় বিভক্ত। বঙ্গের চরে ১৭টি গ্রামের মধ্যে তিন-চার বছরে মেঘনার ভাঙনে বিলীন হতে হতে অবশিষ্ট আছে দুটি গ্রাম। এগুলো হলো—রামদাসপুর ও ২৭দাগ। ভাঙনে বিলীন ওই ১৫টি গ্রামে ২৫ হাজার পরিবার ছিল। এ বছর ভাঙনে বাকি দুটি গ্রামের দুই সহস্রাধিক পরিবার গৃহহারা হয়েছে। ওই ইউনিয়নের ভাঙনকবলিত তিন হাজার পরিবার বর্তমানে রাস্তার ওপর বা রাস্তার পাশে জমি ভাড়া নিয়ে ঘর তুলে মানবেতর জীবন কাটাচ্ছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, রামদাসপুর থেকে সুলতানী খাল পর্যন্ত পাঁচ-ছয় কিলোমিটার সড়কের ওপর এবং সড়কের পাশে শত শত পরিবার ঘর তুলে বসবাস করছে। দক্ষিণ রাজাপুরেও আছে এমন শতাধিক পরিবার। ভাঙনে চারবার গৃহহারা উত্তর রামদাসপুরের বৃদ্ধ আলী আজগর মাঝি বলেন, ‘রাস্তায় থাহি, রাস্তায় রান্দি, রাস্তার ওরপেই খাই।’রামদাসপুর কাপেরহাট বাজারের কাছে ভাড়া থাকছে হেলাল উদ্দিন মাঝির (৩২) পরিবার। গত তিন বছরে তিনি পাঁচবার গৃহহারা হয়েছেন। হেলাল বলেন, ‘জমি কিনোনের টিয়া (টাকা) নাই, হ্যার লাইগ্যা কোনো রকম দিন কাডাই।’ ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বারবার বলা সত্ত্বেও তাদের আশ্রয় হয়নি। মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত আলমগীর ফরাজী, ইকবাল সরদার, নিজাম বেপারীসহ অনেকেই বলেন, মেঘনার মাঝে রামদাসপুর গ্রামের পূর্ব পাশে ভোলার চরে বিস্তীর্ণ জমি আছে। সরকার ইচ্ছে করলেই ভাঙনকবলিত লোকজনকে সেখানে ঘর তুলে বা জমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসন করতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও বলেন, শুধু ভোলার চর নয়, কানাবগীর চর ও গুলগুইল্যার চরেও কয়েক হাজার একর জমি আছে। এসব চর এখন প্রভাবশালীরা দখলের পাঁয়তারা করছেন। রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসক ইচ্ছে করলেই ভোলার চর ও কানাবগীর চরে ভাঙনকবলিত লোকজনকে পুনর্বাসন করতে পারে। ওই চরগুলো এখন বসবাসযোগ্য। প্রতিবছরই সেখানে আবাদ হচ্ছে। ভোলা, মেহেন্দীগঞ্জ ও নোয়াখালীর কিছু ভূমিদস্যু ইতিমধ্যে এসব চর দখলের পাঁয়তারা করছে। জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, ভাঙনে রাজাপুরের কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য খাসজমি দরকার। কিন্তু রাজাপুরের আশপাশে তাদের পুনর্বাসনের মতো কোনো খাসজমি নেই।