ভাঙনে ক্ষতিগ্রস্তদের ডাকা কর্মসূচিতে ১৪৪ ধারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে ভাঙন রোধে সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ। একই সময়ে সেখানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জে গত সোমবার সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ভাঙন প্রতিরোধ কমিটি। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বলেন, ভাঙনকবলিত অসহায় মানুষের দুঃখ-কষ্টের কথা সরকারকে জানাতে না দিয়ে ন্যক্কারজনক ঘটনার অবতারণ করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও অভিযোগ করেন, কোনো পূর্বপ্রস্তুতি না থাকলেও গোদাগাড়ী ছাত্রলীগকে দিয়ে তাঁদের একটি কর্মসূচির দরখাস্ত নেওয়া হয়। অন্যদিকে রবিউল ইসলাম নামের গোদাগাড়ী বিএনপির একজন কর্মীর কাছ থেকে জোর করে মানববন্ধন কর্মসূচির দরখাস্ত লিখিয়ে নেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, যা ১৪৪ ধারা জারির অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে।তবে গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, স্থানীয় ছাত্রলীগই আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সুলতানগঞ্জে কর্মসূচি ডাকে। পরে বিএনপি একই স্থানে কর্মসূচির ডাক দেয়।