ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ নির্মাণের দাবি
পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১০ গ্রামের মানুষ তাদের পুনর্বাসন ও নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তারা উপজেলার ওয়াপদা লঞ্চঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত দুই কিলোমিটারে এ কর্মসূচি পালন করে। শেষে তারা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি পেশ করে।নড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে উপজেলার কেদারপুর, ঘড়িসার, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার পরিবার নদীভাঙনে গৃহহীন হয়ে পড়েছে। একই সময়ে এসব গ্রামের তিন হাজার একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। গৃহহীন অনেক পরিবার এখনো রাস্তার পাশে ঝুপড়িতে বসবাস করছে।নড়িয়া উপজেলার বশাকের চর গ্রামের খলিলুর রহমান জানান, প্রতি বছর এ এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। প্রশাসন কিছু পরিবারকে ১০-১৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দিয়ে থাকে। কিন্তু ভাঙনের কারণে বসতভিটা হারানো কয়েক হাজার পরিবারকে পুনর্বাসন করার উদ্যোগ কেউ নেয় না।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত এক হাজার ১৬৫টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। পরিবারগুলোকে পুনর্বাসন করার বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।