ভাঙনে ছোট হচ্ছে তজুমদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরুর আগেই মেঘনার তীব্র ভাঙনে ভোলার তজুমদ্দিন উপজেলার ব্যাপক এলাকা বিলীন হতে চলেছে।উপজেলার ১৫টি স্থানে কমপক্ষে সাত কিলোমিটার এলাকাজুড়ে প্রতিদিন সাত-আট হাত জমি ভেঙে মেঘনার জনপদে ঢুকে পড়ছে। এতে উপজেলা সদরসহ চারটি ইউনিয়নের আট হাজার পরিবার ও তিন শতাধিক শিক্ষা-সামাজিক প্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়েছে।চাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির ঢালি জানান, উত্তরে চাঁদপুরের গুড়িন্দা থেকে দক্ষিণে লালমোহনের ধলীগৌর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র হয়েছে। এ এলাকার পাঁচ হাজার পরিবার ভাঙনের মুখে। স্থানীয় লোকজন বাঁধের ক্ষতি করে সেখানে ঘর উঠিয়ে বসত করে। ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধের গায়ে ব্লক ফেলা তো দূরের কথা বাঁধ ঠিকমতো সংস্কারও করছে না। গত ৩০ এপ্রিল ও ১ মে সরেজমিনে দেখা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত উপজেলা শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ ইউনিয়নের গুড়িন্দা, কেয়ামূল্যাহ বেড়িবাঁধ, শশীগঞ্জ স্লুইসগেট, হাজিকান্দি, দৌরানীর খাল, রামপ্রসাদ, তালুক গ্রাম ও চৌমুহনী এই আটটি স্থানের চার কিলোমিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। ইউনিয়নের যে ছয়-সাত কিলোমিটার বাঁধ আছে, তার অধিকাংশই ক্ষতিগ্রস্ত। অনেকাংশে বাঁধ চিকন ও দুর্বল। অনেক পরিবার এই বাঁধ কেটে সেখানে ঘর তুলেছে। একই অবস্থা উপজেলার সোনাপুর, মলংচড়া ও চাচড়া ইউনিয়নের। বর্তমানে সোনাপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড আছে। অন্য সাতটি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ইউনিয়নের সৃষ্টিধর গুহ, চাপড়ি, রাজকৃষ্ণ সেন, ইন্দ্রনারায়ণপুর এলাকাসহ প্রায় তিন কিলোমিটার এলাকা ভাঙনের মুখে। চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জানান, তজুমদ্দিন উপজেলা পরিষদসহ দুই শতাধিক সামাজিক ও সরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার প্রধান বাজার এ ইউনিয়নে অবস্থিত। অথচ এই ইউনিয়নটি সবচেয়ে বেশি ভাঙনকবলিত। তজুমদ্দিন উপজেলা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কমপক্ষে তিন কিলোমিটার বাঁধের গায়ে ব্লক ফেলে বাঁধ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্যাহ বলেন, মেঘনার অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে তজুমদ্দিন উপজেলার মানচিত্র। বর্তমানে মলংচড়া ইউনিয়নে একটি এবং সোনপুর ইউনিয়নে দুটি ওয়ার্ড আছে। চাঁদপুর ও চাচড়া ইউনিয়নের অধিকাংশ বিলীন। উপজেলা শহরও ভাঙনের মুখে। এ উপজেলা বাঁচাতে সরকারের উচিত কমপক্ষে পাঁচ কিলোমিটার বাঁধের গায়ে ব্লক ফেলে সম্পূর্ণ বাঁধ নিয়মিত সংস্কার করা। ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান বলেন, ‘নদীতে চর পড়ার কারণে ভাঙনের গতি পরিবর্তন হয়। এ কারণে তজুমদ্দিনে ভাঙনের তীব্রতা বেশি। এখানে কোথাও কোথাও প্রতিদিন সাত-আট হাত করে ভাঙছে। উপজেলা শহরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। ভাঙন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লক ফেলা। মাটির বাঁধের ঢালে ব্লকের স্লপ (ঢাল) তৈরি করা জরুরি। আমরা জরুরি ভিত্তিতে আড়াই কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণের জন্য ১০২ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব একনেকে পাঠিয়েছি। কিন্তু অর্থসংকটে সেটি ফেরত পাঠিয়েছে। হয়তো আগামীতে আবার পাস হবে।’