পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ অংশ ভেঙে নদীতে চলে গেছে। কক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ টিনশেড ঘরে পাঠদান করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় ৫২ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭০ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়।
২ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় থেকে পোনা নদীর দূরত্ব পাঁচ ফুট। ইতিমধ্যে বিদ্যালয়ের টিনশেড ঘরের বেশ কিছু অংশ ভেঙে নদীতে চলে গেছে। ঘরের দেয়ালগুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা জাহান বলেন, টিনশেড ঘরটি নদীর তীরে হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের ওই ঘরের টিনের চালা দিয়ে পানি পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা ভিজে যায়। এভাবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে না। শিগগিরই নতুন ভবন নির্মাণ করা না হলে একসময় এখানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে কয়েক শ কোমলমতি শিশুর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়বে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা আক্তার বলে, ‘ক্লাসে আমরা সব সময় ভয় আর আতঙ্কের মধ্যে থাকি। ছোট শিক্ষার্থীরা কখনো কখনো নদীর পাড়ে চলে যায়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
এক শিক্ষার্থীর অভিভাবক দুলাল আকন বলেন, ‘বর্ষার সময় বৃষ্টির পানি আর নদীর পানিতে বিদ্যালয়ের মাঠ একাকার হয়ে যায়। তাই আমার মতো অনেকেই সন্তানকে বিদ্যালয়ে পাঠান না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন আটজন। বিদ্যালয়ের শিক্ষার মান বেশ ভালো। প্রতিবছরই এখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৃত্তি পায়। তিনি বলেন, ২০০৭ সালে সিডরে বিদ্যালয়ের ঘরের চালা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। তখন সরকারের কাছ থেকে পাওয়া ৭০ হাজার টাকা দিয়ে সেই চালা মেরামত করা হয়।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের পাশেই পোনা নদী। নদীভাঙনে গত দুই বছরে বিদ্যালয়ের মূল ঘরের বেশির ভাগ অংশ বিলীন হয়েছে। গত কয়েক বছরে ভাঙনে বিদ্যালয়ের ৫২ শতক জমির দুই-তৃতীয়াংশই নদীতে চলে গেছে। তাই দুটি কক্ষকে চার ভাগ করা হয়েছে। দুই পালায় কোনোরকমে এসব কক্ষে শিক্ষার্থীদের পাঠ দেওয়া হচ্ছে। তাই পাঠদানে মারাত্মক সমস্যা হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়ের বেহাল দশার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কোনো লাভ হয়নি।
ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খান এনায়েত করিম বলেন, ‘বিদ্যালয়টির সংস্কার না হওয়ায় আমাদের এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।’
ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা বলেন, ‘ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। এতে কাজ হয়নি।’
ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মাহিবুল হোসেন বলেন, বিদ্যালয়টির অবস্থা খুব করুণ। এভাবে বিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।’