ভাঙনে নিঃস্ব আলাতুলির মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ভাঙনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের অধিকাংশ এলাকার লোকজন আজ নিঃস্ব ও গৃহহারা। একদিন তাঁরা ছিলেন সচ্ছল গৃহস্থ। তাঁদের জমিতে লোকজন কামলা খাটত। এখন তাঁরা বা তাঁদের সন্তানেরা অন্যের জমিতে কামলা খাটেন।এবারের ভাঙনে আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া ও রানীনগর গ্রামের চার শতাধিক পরিবারের বসতঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে অনেকে বসতঘর ও মালামাল সরিয়ে নিচ্ছে। কেউবা ফলবান গাছ ও খেতের কাঁচা আউশ ধান কেটে নিয়ে যাচ্ছে। বালুগ্রামে ভাঙনের কারণে একটি কমিউনিটি ক্লিনিকের ভবন গত বুধবার ভেঙে ফেলা হয়েছে। আর এখনো যাঁদের ঘরবাড়ি নদীর তীরে আছে তাঁরা আছেন মহা আতঙ্কে। কারণ যেকোনো সময় তাঁদের প্রিয় ঘর, গাছপালা ও জমি নদীগর্ভে চলে যেতে পারে। তাই তাঁরা উদ্বেগ আর উৎ কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।ভাঙনে ক্ষতিগ্রস্ত যাঁরা অন্যের জমি ও বেড়িবাঁধে খুপরিঘর তুলে বসবাস করছেন, তাঁদের দিন কাটছে ভীষণ কষ্টে। আয়-রোজগারের সুযোগ না থাকায় দুই বেলা ভালোভাবে খেতেও পারছেন না তাঁরা। গত বৃহস্পতিবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ভাঙনকবলিত রানীনগর গ্রামে গিয়ে দেখা যায়, ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি অস্থায়ী ছোট ঘর। দেখলে বোঝা যায় অন্য স্থান থেকে সরিয়ে নিয়ে এসে বসানো হয়েছে। সেখানেই গাদাগাদি করে বসবাস করছে কয়েকটি পরিবার। রানীনগর গ্রামের মাহবুবুল আলম জানান, তাঁর ৪৫ বিঘা জমি। এখন আছে পাঁচ-ছয় বিঘা। এখন থেকে পরের জমিতে কামলা খাটার জন্য প্রস্তুত তিনি। তিনি আক্ষেপের সুরে প্রথম আলোকে বলেন, গ্রামে ঢুকে গরিব কে আর ধনী কে বোঝা যায় না। নদীভাঙনে সবাইকে এক করে দিয়েছে। লেখাপড়া বন্ধ হয়ে গেছে বহু ছেলেমেয়ের।বালুগ্রামে গিয়ে দেখা যায়, এ গ্রামে অবস্থিত আলাতুলি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনের অবশিষ্ট সামান্য অংশের ইটগুলো মাটি খুঁড়ে বের করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। বুধবার বেলা ১১টার আগেও মাথা তুলে দাঁড়িয়ে ছিল এ কেন্দ্রের ভবনটি। হড়মা সাইফুল উদ্দিন হাজিরটোলায় গিয়ে দেখা যায়, ভাঙনে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় কেটে ফেলা হচ্ছে বহু আমগাছ। আমবাগানের মালিক নাজমুল হক জানান, ইতিমধ্যেই বাগানের জমি নদীগর্ভে চলে যাওয়ায় ১৪৫টি আমগাছ কেটে ফেলতে হয়েছে। ছয়রশিয়া গ্রামে গিয়ে জানা যায়, এ গ্রামের ১৫০টি পরিবার এবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে আছে আরও চার শতাধিক পরিবার। এ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে গেছে গত বছর। এরপর থেকে কোনো গাছতলা বা কারও বাড়িতে চলছে ক্লাস। পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, ওই সব এলাকার ভাঙন প্রতিরোধে ‘পদ্মা নদীর ভাঙন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা’ নামে একটি প্রকল্প প্রস্তাব পানি উন্নয়ন বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে গত বছর জুলাই মাসে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় আলাতুলি ইউনিয়নকে ভাঙনের হাত থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী ১২ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। কিন্তু আজও ওই প্রকল্প বাস্তবায়ন করা হয়নি।