ভাঙনে নিঃস্ব শেরপুরের চরাঞ্চলের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকা। বর্ষা মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নের দেড় শতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে। সরকার ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ না নেওয়ায় চরপক্ষীমারী ইউনিয়নের দুটি গ্রামের অস্তিত্ব এখন হুমকির মুখে রয়েছে।
উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার ৭৫ ভাগ মানুষ ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরাঞ্চলে বাস করে। বিশাল এ জনগোষ্ঠীকে বন্যার কবল থেকে রক্ষার জন্য ১৯৭৭ সালে ব্রহ্মপুত্র নদের উত্তর তীর শেরপুর সদর উপজেলার কামারেরচর থেকে বেতমারী ঘুঘুরাকান্দি গ্রাম পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। ১৯৮৮ সালের বন্যায় বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আড়াই দশকেও বাঁধটি সংস্কার করা হয়নি।
এ ছাড়া প্রায় দেড় দশক আগে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় গ্রামের কাছে জামালপুরের পাথালিয়ায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে জামালপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ করায় নদীর গতিপথ বদলে যায়। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর স্রোত শেরপুর সদরের ভাগলগড়সহ আশপাশের গ্রামগুলোতে সরাসরি আঘাত হানে। এ কারণে এসব এলাকায় বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হয়।
গত পাঁচ বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সদর উপজেলার চরপক্ষীমারী, কামারেরচর, চরমোচারিয়া ও বলাইয়েরচর ইউনিয়নের ১০টি গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি, গাছপালা, পাঁচ শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার সহায়-সম্বলহীন এসব মানুষ মানবেতর জীবন যাপন করছে।
চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় গ্রামের বাসিন্দা আমজাদ আলী মণ্ডল বলেন, ৩৫ বছর ধরে ব্রহ্মপুত্র নদ ভাঙছে। এতে কুলুরচর, ব্যাপারীপাড়া, ভাগলগড়, ডাকপাড়া ও চুনিয়ারচর গ্রামের বিপুলসংখ্যক বসতঘর নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধ করা না গেলে ডাকপাড়া ও ভাগলগড় গ্রাম দুটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।
শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন বলেন, গত পাঁচ বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে পাঁচ শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, প্রয়োজনীয় জরিপ করে একটি ‘বৃহৎ প্রকল্প’ হিসেবে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি পুনঃসংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।