ভাঙনে পাল্টে যাচ্ছে গ্রামটির নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার নদীর ভাঙনের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রাম। এতে গ্রামের নকশা ও পরিচয় দুই-ই পাল্টে যাচ্ছে।
ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মেঘনা, কালি, কুলা ও ধলেশ্বরী নদীর মোহনায় গ্রামটির অবস্থান। লোকসংখ্যা প্রায় ১২ হাজার। প্রধান পেশা কৃষি ও মাছ ধরা। স্বাধীনতা-পরবর্তী এক দশক পর্যন্ত সবার কম-বেশি কৃষিজমি ছিল। এরপর ওই মোহনা আগ্রাসী হয়ে ওঠে। ১৯৮১ সাল থেকে ভাঙনের মাত্রা বাড়ে। এরই মধ্যে প্রায় ১০০ একর কৃষিজমি, দুটি কবরস্থান, একটি মাদ্রাসা, ৩০০ বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় এক হাজার পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দুই থেকে তিনবার করে বসতির স্থান পরিবর্তন করেছে। কৃষিজমি হারিয়ে ও ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে গ্রামবাসী এখন অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে। এবারও ভাঙনে দুটি সেচ প্রকল্পসহ কয়েকটি ঘর পানিতে তলিয়ে গেছে।
সম্প্রতি রাজাপুরে গিয়ে দেখা যায়, কেউ কেউ জলজ উদ্ভিদের ঝোপ তৈরি করে বাড়ি রক্ষার চেষ্টা করছেন। আবার অনেকে বাঁশের আড় তৈরি করে মাটির বস্তা দিয়ে বাড়ি রক্ষার চেষ্টা করছেন। এ সময় ওই গ্রামের ছিদ্দিকুর রহমান জানান, পাঁচ বছরের মধ্যে তাঁকে দুবার বসতি পরিবর্তন করতে হয়েছে। নদীর পারে কয়েকটি দোকানের ছোট একটি বাজার চোখে পড়ে। দোকানি মুছা মিয়া বলেন, ‘ভাঙনের কারণে এবার না হইলেও সামনেরবার আমাকে বাড়ি আজাইতে হইব।’
এবারের ভাঙনে শিরু মিয়া, জামাল মিয়া, মো. আবদুল, রুবেল মিয়া, সাদ্দু মিয়া, বদি জামান, হেলাল মিয়া, মন্নান মিয়া, জরি মিয়া ও ইউনুস মিয়া ঘর সরিয়ে নিয়েছেন। শিরু মিয়া বলেন, ‘এই লইয়া আমি দুবার লড়লাম।’
গ্রামবাসীর কয়েকজন জানান, বর্তমানে গ্রামের বাসিন্দাদের কৃষিজমি প্রায় শেষ। যা ছিল তাতে বসতি হয়ে গেছে। চর কাকরিয়া, টেকেরহাটি, সিঙ্গাপুর ও নতুনহাটি নামে চারটি নতুন গ্রামের জন্ম হয়েছে। এখন যাঁরা ভাঙনের কবলে পড়বেন তাঁদের অনেককে গ্রাম ছাড়তে হবে। এই গ্রামের ভোটারদের কাছে প্রার্থীদের একটা ওয়াদাই থাকে, তা হলো নদীভাঙন রোধ। পরে বিজয়ী ও বিজিত কোনো প্রার্থীই ওয়াদার ধারেকাছেও থাকেন না। এরই মধ্যে বিত্তশালীরা ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী বসতি গড়েছেন।
গ্রাম ছেড়ে যাওয়ায় মনোবেদনার শেষ নেই শিক্ষানুরাগী শাহের উদ্দিনের। নদীর পাড়ে নিয়ে গিয়ে আঙুল উঁচিয়ে বলেন, ‘চোখ যত দূর যায় সবই কৃষিজমি আছিল। এক দৌড়ে যাইতে পারতাম না। জিরাইয়া (বিশ্রাম) যাইতে হইত।’ মিজানুর রহমান বলেন, ‘ভাঙন তো আমাদের পরিচয় ও নকশা দুই-ই পাল্টাইয়া দিছে।’
হুসনে আরা বেগম (৪০) নামের এক গৃহবধূ বলেন, ‘বউ হয়ে আসার পর তিনবার ঘর সরিয়েছি।’
সরাইল-আশুগঞ্জআসনের সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাজাপুরের ভাঙনের বিষয়টি উত্থাপন করেছিলাম। শেষ অধিবেশনেও একইভাবে দৃষ্টি আকর্ষণ করে কিছু একটা করার চেষ্টা করব।’