ভাঙনে প্রতিবছর মেঘনায় বিলীন হচ্ছে বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙনে প্রতিবছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকার বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে তিনজন সাংসদ বাঁধ নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী বসতবাড়ি রক্ষার চেষ্টা করছেন। কেউ সবকিছু হারিয়ে কান্নাকাটি করছেন। অনেকে অস্থায়ীভাবে বাঁশের বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টায় ব্যস্ত।

বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, উপজেলার চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত ও সড়কপথে যোগাযোগ-বিচ্ছিন্ন গ্রাম নুনেরটেক, টেকপাড়া, সবুজবাগ, গুচ্ছগ্রাম, রঘুনারচরসহ আটটি গ্রামের মানুষ ভাঙনে প্রতিবছর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। গত ২০ বছরে ওই এলাকার প্রায় ৮০০ বিঘা ফসলি জমি ও ২৯৫ জন মানুষের বাড়িঘর বিলীন হয়ে গেছে। ১৯৯১ সালে বিএনপিদলীয় তৎকালীন সাংসদ রেজাউল করিম ও ২০০৮ সালে আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার ওই এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই বাঁধ আর নির্মাণ হয়নি।

সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমি ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, এ কথা সত্য। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় কাজটি বাস্তবায়ন করতে পারিনি।’ বর্তমান সাংসদ লিয়াকত হোসেন বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বাঁধ নির্মাণের কাজ অবশ্যই বাস্তবায়ন করবেন।

নুনেরটেক গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আবদুল কাদের জিলানী বলেন, বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিন মানুষের বাড়িঘর ও ফসলি জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।

ইউএনও আবু নাছের ভূঞা বলেন, মেঘনায় মানুষের বাড়িঘর এভাবে বিলীন হতে থাকলে কয়েক বছরের মধ্যে গ্রামটির অস্তিত্ব থাকবে না।