ভাঙনে বিলীন বিস্তীর্ণ এলাকা পানিবন্দী ১০ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১৫টি গ্রামের ১০ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি নদীভাঙনে বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকা।
এর আগে গত ২২ জুন তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং ২৫ জুন ২০ সেন্টিমিটার ওপরে ওঠে।
ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি গতকাল রোববার সকাল ছয়টায় বিপৎসীমার ১৭ সেন্টিমিটার এবং সকাল নয়টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের তিস্তা নদী-সংলগ্ন প্রায় ১৫টি গ্রামের ১০ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চারটি ওয়ার্ডের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামে প্রায় এক মাস ধরে চলছে নদীভাঙন। চরখড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত সেখানকার প্রায় ২৮১টি পরিবারের বাড়িঘর, চরখড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের অর্ধেক, চারটি ছোট বড় সেতু এবং টেপাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের ৮১ ফুট আধা পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিঞ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতা বাজার, দুটি কমিউনিটি ক্লিনিকসহ সহস্রাধিক বাড়িঘর।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ভাঙন অব্যাহত থাকায় অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। জেলা প্রশাসক মো. জাকীর হোসেন গত শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, তিস্তা নদীর পানি বাড়ায় ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঝুনাগাছ চাপানি ইউপির চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ছাতুনামা ও ফরেস্টের চরের সাত শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের অধিকাংশ বাড়িতে হাঁটুপানি রয়েছে। খালিশা চাপানি ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর, সতিঘাট ও ছোটখাতা গ্রামের প্রায় এক হাজার পরিবারের বাড়িতে পানি উঠেছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, আজ (রোববার) সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
জেলা প্রশাসক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণের পাশাপাশি স্বাস্থ্যসেবাসহ সরকারি সব সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে টেপাখড়িবাড়ি ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় ৩৬০ মিটার একটি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দরপত্র গ্রহণ করেছে পাউবো। আগামী শুষ্ক মৌসুমে সেটি নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সেতু সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।