আত্রাই নদীর ভাঙনে নাটোরের গুরুদাসপুরের বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ বিলীন হয়ে গেছে। এখনই ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে বিদ্যালয়ের ভবনও বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা শিক্ষক ও শিক্ষার্থীদের।প্রধান শিক্ষক মোজাফফর হোসেন জানান, ১৯৬৫ সালে ১ দশমিক ৬৬ একর জায়গার ওপর ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যেই এর মাঠের ৭০ ভাগ আত্রাই নদীর গর্ভে চলে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি আরও জানান, ভবন ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যালয়টিতে আরও সমস্যা আছে। বিদ্যালয়ের টিনশেড ভবনটি ১৯৮৫ সালে নির্মিত হয়। এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি এর। এ কারণে চালের টিনগুলোয় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এ ছাড়া বিদ্যালয়ে আসবাবের সংকটও রয়েছে। এই বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিলহরিবাড়ি গ্রামে ওই বিদ্যালয়টির অবস্থান। এর তিন দিকে চলনবিল। সামনে মাঠ। আত্রাই নদীর ভাঙনে এর মাঠ বিলীন হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নদীভাঙনের কারণে তাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। এ কারণে টিফিনের বিরতি বা অন্যসময়ে তারা খেলাধুলা করতে পারে না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্কাছ আলী জানান, ভাঙনের বিষয়টি স্থানীয় সাংসদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরামুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।