ভাঙনে শঙ্কিত খালপাড়াবাসী
শুক নদের ভাঙনে বসতবাড়ি হারানোর আশঙ্কা করছেন ঠাকুরগাঁও পৌরসভার রোড খালপাড়া মহল্লাবাসী। অবিলম্বে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পৌরসভার রোড এলাকায় শুক নদের পাড়েই খালপাড়া মহল্লা। ভাঙনে ধীরে ধীরে বিলীন হচ্ছে নদের পাড়ের জমি। এতে বেশ কয়েকটি বসতবাড়ি এর গর্ভে বিলীন হওয়ার পথে। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, পৌরসভার রোড এলাকা দিয়ে বয়ে যাওয়া শুক নদ প্রতিবছরই একটু একটু করে পশ্চিম দিকে সরে আসছে। বর্ষা মৌসুম ও ভারী বৃষ্টিপাতে ভাঙতে থাকে নদীর পাড়। এতে পাড় ভেঙে ক্রমশ ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা তৈরি করছে। অথচ এ ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
ভাঙন থেকে নিজ বাড়ি বাঁচাতে হবিবুর রহমান বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করেছেন। তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গত বছর বন্যায় বাড়ির আঙিনার ২০ ফুট ভেঙে যায়। এ বছর তাই বাড়ি রক্ষায় নিজেরাই নদীর তীর সংলগ্ন অংশে বালুর বস্তা দিয়ে বাঁধ দিয়েছেন। তবে এ বাঁধ টিকবে কি না, বুঝতে পারছেন না।
খালপাড়ার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, গত বছর বন্যায় ভাঙনে ইউনুস ও বেচু মোহাম্মদের বসতবাড়ি নদীতে বিলীন হয়। তাঁরা এখন অন্যের জায়গায় বসবাস করছেন। গত পাঁচ বছরে এখানকার ২০ থেকে ২৫ পরিবারের বসতবাড়ি নদে ভেঙে বিলীন হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র এস এম এ মঈন বলেন, ‘বাঁধ তৈরির দাবি জানিয়ে মহল্লাবাসীরা আমার কাছে আবেদন নিয়ে এসেছিলেন। আমি তাঁদের পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি।’
ভাঙনের হাত থেকে খালপাড়াকে রক্ষার দাবি জানিয়ে গত বুধবার মানববন্ধন করেন মহল্লাবাসী। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, বর্ষা আসায় এ বছর আর বাঁধের কাজ শুরু করা সম্ভব হবে না। তবে বসতবাড়িগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে সাময়িক প্রকল্প হাতে নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।