যমুনা নদীভাঙনের হুমকির মুখে পড়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়িটি কাজিপুর সদর থানায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের বাসিন্দা। এলাকাবাসী নতুন জায়গায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন।সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যমুনায় কয়েক দফা ভাঙনের পর নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িটি বর্তমানে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। বর্তমান ফাঁড়ির অবস্থান থেকে নদীর দূরত্ব মাত্র ৩০ ফুট। যেভাবে ভাঙন চলছে, তাতে আসন্ন বর্ষায় ফাঁড়িটি বিলীন হয়ে যেতে পারে। বর্তমানে এ এলাকায় কোনো পাকা অবকাঠামো না থাকায় ফাঁড়িটি কাজিপুর সদর থানায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের জানান, চর এলাকার নাটুয়ারপাড়া, মনসুর নগর, নিশ্চিন্তপুর, তেকানী, চরগিরিশ ও খাসরাজবাড়ী ইউনিয়নের কয়েক লাখ মানুষের নিরাপত্তার জন্য ফাঁড়িটি স্থাপন করা হয়। ফলে নদীপথে ওই এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম অনেক কমে গেছে। ফাঁড়িটি সরিয়ে নেওয়া হলে চরাঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় পড়বে। ফাঁড়ি পুনঃস্থাপনে এলাকাবাসী বিনা মূল্যে নিরাপদ স্থানে জমি দিতে রাজি থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।সিরাজগঞ্জ পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, ওই এলাকায় প্রয়োজনীয় পাকা অবকাঠামো না থাকায় বাধ্য হয়ে ফাঁড়িটি কাজিপুর সদরে স্থানান্তর করা হচ্ছে। নতুনভাবে অবকাঠামো তৈরি করে ফাঁড়িটি স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন না আসায় অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, স্থানান্তরের পর রাতে কোনো টহলের ব্যবস্থা করা না গেলেও দিনের বেলায় টহলের ব্যবস্থা করা সম্ভব।