ভাঙনে হুমকিতে চারটি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চারটি বাজার পদ্মার ভাঙনের হুমকির মুখে পড়েছে। ছবিটি সুরেশ্বর বাজার থেকে গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চারটি বাজার পদ্মার ভাঙনের হুমকির মুখে পড়েছে। ছবিটি সুরেশ্বর বাজার থেকে গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার তীরবর্তী চারটি বাজার ভাঙনের কবলে পড়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নদী উত্তাল থাকায় গত রোববার পর্যন্ত তিন দিনে বাজারগুলোর প্রায় ৫০০ মিটার নদীতে বিলীন হয়েছে। ভাঙনের আতঙ্কে অনেকে দোকানপাট সরিয়ে নিয়েছেন।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়ার ওয়াপদা, চণ্ডীপুর, সুরেশ্বর ও নওপাড়া বাজার প্রতি বর্ষা মৌসুমেই ভাঙনের কবলে পড়ে। রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঢেউয়ে গত শুক্রবার রাত থেকে বাজার চারটিতে আবার ভাঙন শুরু হয়। রোববার পর্যন্ত ভাঙনের আতঙ্কে চারটি বাজারের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের আতঙ্কে রয়েছেন বাজারগুলোর দুই শতাধিক ব্যবসায়ী।
সুরেশ্বর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘নদীভাঙন শুরু হয়েছে, আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানও সরানো শুরু হয়েছে। ভাঙনের সাথে সাথে আমরাও সরে যাই। আতঙ্কে আছি কখন বড় ধরনের ভাঙন শুরু হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হক বলেন, ‘বর্ষা মৌসুমে এ অঞ্চলে পদ্মা নদীতে ব্যাপক ভাঙন হয়। রোয়ানুর কারণে কয়েকটি স্থানে অল্প কিছু জায়গা নদীতে বিলীন হয়েছে। তেমন ক্ষতি না হওয়ায় ত্রাণ তৎপরতা চালানো হয়নি। বাজারগুলো নদীর তীরবর্তী হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।’
শরীয়তপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘ওয়াপদা বাজার থেকে সুরেশ্বর বাজার পর্যন্ত আট কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। এখনো প্রস্তাব অনুমোদন হয়নি।’