ভাঙনে ১২ হাজার মানুষ ভিটাহারা
গজারিয়া নদীর ভাঙনে গত দুই সপ্তাহে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়নের একটি বড় বাজার বিলীন হয়ে গেছে। একই কারণে এ ইউনিয়নের ১২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।এখনই এ ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে ওই ইউনিয়নের একটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আবেদন পাঠিয়েছে।উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা সালাম দেওয়ান জানান, গজারিয়ার ভাঙনে দড়িচর-খাজুরিয়া ইউনিয়নের দুই-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে ইউপি ভবন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়সহ চারটি প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান ও কৃষিজমি।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বয়াতী বলেন, ‘নদী ভাঙনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ইউনিয়নের ১২ হাজার মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে আবেদন করেছি।’এলাকাবাসী জানান, ১৯৮৬ সালে স্থাপিত ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবনটি নদী থেকে মাত্র দু-তিন হাত দূরে রয়েছে। যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এটি।দড়িচর-খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বড়াল বলেন, কয়েক দিন বাদেই পরীক্ষা। কী করব, বুঝতে পারছি না। ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এ বিদ্যালয়ের সব আসবাব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন শওকত বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে তালিকা চাওয়া হয়েছে। তবে ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।পাউবো বরিশাল কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। গত শুক্রবার আমরা এলাকা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।’