ভাঙনের অজুহাত, কয়েক লাখ টাকার গাছ আত্মসাৎ
নদীভাঙনের অজুহাত দেখিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদর এলাকার সরকারি গাছ নিলাম না করেই কেটে নেওয়া হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নওজেশ আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ফারুক সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে সমঝোতা করে এসব গাছ কেটে আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। আরও গাছ বিক্রির জন্য তাঁরা এলাকাবাসীর সঙ্গে দরদাম ঠিক করেছেন।
তবে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ দাবি করছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এগুলো কেটে মজুত করে রাখছেন। পরে নিলাম করে বিক্রি করা হবে। কিন্তু উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
উপজেলা পরিষদ ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার থেকে উপজেলা সদরের পুকুরের পাশ থেকে গাছ কাটা শুরু হয়। দুই দিনে ছয়টি মেহগনিগাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা ছাড়াও আওয়ামী লীগ ওই দুই নেতা ও ইউএনওর উপস্থিতিতে আদালত ভবনের দরজা, জানালার গ্রিল, টিন ও কাঠ খুলে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মকর্তা ও কয়েকজন বাসিন্দা জানান, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের যোগসাজশেই গাছ কাটা হচ্ছে। এগুলো নিলামে দিলে সরকারের অনেক টাকা রাজস্ব হতো। তা না করে তাঁরা আত্মসাৎ করতে গাছগুলো নিলাম না করে কেটে নিচ্ছেন। গত দুই দিনে তাঁরা দেড় লক্ষাধিক টাকার ছয়টি মেহগনিগাছ কেটে নিয়েছেন। এ ছাড়া তাঁরা গত সপ্তাহে খাদ্যগুদামসংলগ্ন প্রায় চার লাখ টাকার ৪০টি ইউকেলিপটাস গাছ কেটে নিয়েছেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে একটি মেহগনিগাছ এলাকার একজনের সঙ্গে ৭০ হাজার টাকায় দরদাম ঠিক হয়ে আছে। প্রকাশ্যে গাছগুলো কাটা হলেও তাঁরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছেন না।
মো. নওজেশ আলী মোল্লা ও ফারুক সরকার অভিযোগ অস্বীকার করে জানান, গাছগুলো কেটে জমা রাখা হচ্ছে। পরে এগুলো নিলাম করা হবে। এ ছাড়া বন্যায় ভেঙে যেতে পারে বলেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঔষধি গাছ কাটা হচ্ছে না।
এ বিষয়ে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নদীভাঙনের কথা বিবেচনায় এনে উপজেলা চেয়ারম্যান গাছগুলো কেটে মজুত করে রাখছেন। পরে এগুলো নিলাম করা হবে। ভাঙন কখন শুরু হবে সেটা বিবেচনা করেই আগে নিলাম করা হয়নি। এ গাছগুলো কাটার অনুমতি আমি দিতে পারি না। তবে এলাকাটি নদীভাঙন-কবলিত হওয়ায় অনেক গাছ চুরি করেই কেটে নেওয়া হয়েছে ও হচ্ছে। আদালত ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিধায় দরজা, জানালা ও গ্রিল লোকজন নিয়ে গেছেন।’
তবে এ বিষয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গাছ কেটে নেওয়া হচ্ছে এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারা গাছ কাটছেন, আমি কিছুই জানি না।’