ভাঙনের আশঙ্কায় বিদ্যালয় ভবন নিলামে বিক্রি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন যমুনা নদীর ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। ভাঙনের আতঙ্কে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের দুটি ভবন নিলামে বিক্রি করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের কোনো ব্যবস্থা না করেই ভবন দুটি নিলামে বিক্রি করায় ৪৫০ জন শিক্ষার্থীর লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের ওই বিদ্যালয় যমুনা নদীর পূর্ব তীরের ভাঙনকবলিত অংশ থেকে মাত্র ২৫ হাত দূরে রয়েছে। ভাঙনের আশঙ্কায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম ওই বিদ্যালয়ের দুটি পাকা ভবন নিলামে বিক্রির জন্য গত সোমবার দরপত্র আহ্বান করেন। মঙ্গলবার দরপত্র বাক্স খোলা হয়। চারটি দরপত্র জমা পড়ে। বেশি দর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডার্সের কাছে গতকাল ভবন দুটি বিক্রি করে দেওয়া হয়।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মিঠু মিয়া ও সোহাগ বলে, ‘এহন আমরা পড়মু কই।’
পঞ্চম শ্রেণীর ছাত্র রায়হান মিয়া বলে, ‘নদীতে আমাগো স্কুল ভাঙা নিয়ে যাব, তাই স্কুলঘর বেইচা ফালাইছে। তাহলে তো আমাগো পড়ার জায়গা থাকল না। এহন কই পড়ালেহা করুম চিন্তায় আছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা জাহান বলেন, ‘যমুনা নদীর ভাঙনের আশঙ্কায় বিদ্যালয়ের দুটি ভবন নিলামে বিক্রি করায় ৪৫০ জন শিশুকে কোথায় পাঠদান করা হবে তা নিয়ে চিন্তায় আছি। শিগগিরই শিশুদের পাঠদানের বিকল্প ব্যবস্থা করা না হলে তাদের পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়বে।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি হাবিবুর রহমান বলেন, ‘নদীতে আমাদের জমিজমা ও ঘরবাড়ি চলে গেছে। অবশেষে শিশুদের স্কুলঘর দুটি নিলামে বিক্রি করায় তাদের পড়াশোনা আর ঠিকমতো এখন হবে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম প্রথম আলোকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিশুদের পাঠদান যাতে বন্ধ না থাকে, সে জন্য ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।