ভাঙনের কবলে গ্রাম-রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার চেঙেরখাল নদীর ছোট চর অংশ থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে তীরবর্তী পাঁচটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। এ ছাড়া ঝুঁকির মুখে রয়েছে ফসলি জমি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্মিত বাইপাস সড়ক। মাটি উত্তোলন বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভাঙনকবলিত এলাকার লোকজন ও কয়েকজন জনপ্রতিনিধি জানান, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আবদুর রউফ মাস খানেক ধরে চেঙেরখাল নদীতে একটি খননযন্ত্রের সাহায্যে মাটি উত্তোলন করছেন। এতে করে চামাউড়াকান্দি, জৈনকারকান্দি, চারাকান্দি, বরইকান্দি, শিমুলকান্দি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। এসব গ্রামের পাশের ৮ থেকে ১০ ফুট মাটি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, খননযন্ত্রের মাধ্যমে মাটি খননের প্রভাবে ওই গ্রামগুলো ছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মিত কোম্পানীগঞ্জ বাইপাস সড়কের পাশের ১০ ফুটের মতো জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় আধা কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়ায় স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় লোকজনের ভাষ্য, গ্রাম লাগোয়া নদী থেকে ইজারাদারেরা এভাবে মাটি উত্তোলন করলে দুই বছরের মধ্যে গ্রাম, ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়ে যাবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৈশাখ মাস থেকে আসছে চৈত্র মাস পর্যন্ত প্রায় সোয়া ১৬ লাখ টাকায় আবদুর রউফকে চেঙেরখাল নদী থেকে মাটি উত্তোলনের ইজারা দেওয়া হয়েছে। মাটি উত্তোলনে নিয়োজিত লোকজন জানিয়েছেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার ঘনফুট মাটি উত্তোলন করা হচ্ছে।

হাটখলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, গ্রামের পাশের নদীতে খননযন্ত্র বসিয়ে মাটি উত্তোলন করায় গ্রামগুলো ভাঙনের কবলে পড়েছে। ফসলি জমিসহ পাশের রাস্তাঘাটও এখন ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় প্রশাসনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

স্থানীয় লোকজন জানান, গত বছরের জুলাই মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে নির্মিতব্য কারাগারের নির্ধারিত স্থানে মাটি ভরাটের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। চেঙেরখাল নদী থেকে মাটি উত্তোলন শুরু করা হলে গ্রামগুলো ভাঙনের মুখে পড়বে বলে এলাকাবাসী সভা-সমাবেশ করে। এ আন্দোলনের নেতৃত্বে অন্যতম ছিলেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি আবদুর রউফ। এলাকাবাসীর আন্দোলনের মুখে সে সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ভিন্ন জায়গা থেকে মাটি উত্তোলন করে ভরাটের কাজ সম্পন্ন করে। এবার আবদুর রউফ গ্রামের পাশের নদী থেকে খননযন্ত্রের সাহায্যে মাটি উত্তোলন করায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ইজারা গ্রহণকারী আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমি মাটি উত্তোলনের কাজ পেয়েছি, এতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমোদন রয়েছে। নদীর পাশের গ্রামগুলো থেকে মাটি উত্তোলন করা হচ্ছে না।’

আবদুর রউফ আরও বলেন, ‘নদীতীরের যে অংশে গ্রাম নেই, সেই অংশ থেকেই মাটি উত্তোলন করা হচ্ছে। তাই মাটি উত্তোলনের কারণে গ্রাম, ফসলি জমি কিংবা রাস্তা ভাঙনের যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।’

জৈনকারকান্দি গ্রামের আবদুল কাদির বলেন, ‘ইজারাদার প্রভাবশালী। তিনি কারও কথা শুনতে নারাজ। গ্রামের পাশের নদী থেকে মাটি না তুলতে অনুরোধ জানানোর পরও তিনি গ্রামবাসীর কথা শুনছেন না। এ অবস্থায় গ্রাম, রাস্তাসহ বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার উপক্রম হয়েছে।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তি (আবদুর রউফ) ইজারা নিয়ে যথাযথভাবে খনন চালাচ্ছেন। তবে এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখা হবে। নদীভাঙনে স্থানীয় লোকজনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’