ভাঙনের কবলে তিন ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচা নদীর ভাঙনের কারণে বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারায় গত নভেম্বরে পন্টুন পুনরায় স্থাপন করা হয়। সেখানেও ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
কচা নদীর ভাঙনের কারণে বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারায় গত নভেম্বরে পন্টুন পুনরায় স্থাপন করা হয়। সেখানেও ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

পিরোজপুরের কচা ও সন্ধ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে তিনটি ফেরিঘাট। গত ছয় মাসে নদীভাঙনের কারণে জেলার আমড়াঝুড়ি, বেকুটিয়া ও চরখালী ফেরির গ্যাংওয়ে ২৬ বার পুনরায় স্থাপন করতে হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যা নদীর ভাঙনের কারণে গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত আমড়াঝুড়ি ফেরির গ্যাংওয়ে ১১ বার, কচা নদীর ভাঙনের জন্য বেকুটিয়া ফেরির গ্যাংওয়ে ৮ বার ও চরখালী ফেরির গ্যাংওয়ে ৭ বার পুনরায় স্থাপন করতে হয়েছে। সন্ধ্যা নদীর ভাঙনের কারণে প্রতি মাসে আমড়াঝুড়ি ফেরির গ্যাংওয়ে পুনরায় স্থাপন করতে হয়। গত দুই বছরে তিনটি ফেরির গ্যাংওয়ে অন্তত ৫৫ বার পুনরায় স্থাপন করতে হয়েছে।
গত সোম ও বুধবার সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা নদীর গাবখান চ্যানেলের মোহনায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে পিরোজপুর-কাউখালী-নেছারাবাদ সড়কের আমড়াঝুড়ি ফেরিঘাটের নেছারাবাদ প্রান্তে ফেরির গ্যাংওয়ের নিচের মাটি সরে গেছে। বেকুটিয়া ফেরিঘাটের পিরোজপুর সদরের কুমিরমারা প্রান্তে বড় ধরনের ফাটল ধরেছে। যেকোনো সময় গ্যাংওয়ের নিচের মাটি সরে দুর্ঘটনা ঘটতে পারে। ভান্ডারিয়া-পিরোজপুর সড়কের চরখালী ফেরিঘাটের ভান্ডারিয়া প্রান্তে ভাঙনের কারণে গ্যাংওয়ে দু-তিন ফুট দেবে গেছে।
ফেরিঘাট এলাকার ব্যবসায়ীরা বলেন, গত চার মাসে কচা ও সন্ধ্যা নদীর ভাঙনে আমড়াঝুড়ি বেকুটিয়া ও চরখালী ফেরিঘাট এলাকার ১৯টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে পূর্ব আমড়াঝুড়ি, কুমিরমারা ও চরখালী ফেরিঘাট বাজার।
পিরোজপুর সওজের কাউখালী অঞ্চলের উপসহকারী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস বলেন, কয়েক বছর আগে সন্ধ্যা নদী ২৫০-৩০০ মিটার চওড়া ছিল। ভাঙনের ফলে বর্তমানে সেটা ৬০০ মিটার হয়ে গেছে।
পূর্ব আমড়াঝুড়ি ফেরিঘাট বাজারের ব্যবসায়ী গাজী আনোয়ার হোসেন বলেন, পূর্ব আমড়াঝুড়ি ফেরিঘাট বাজারের কয়েকটি দোকান, ক্লাব ও মসজিদ নদীভাঙনের কারণে ঝুঁকিতে রয়েছে।
বেকুটিয়া ফেরিঘাটের ইজারাদার আজমির হোসেন মাঝি বলেন, নদীভাঙনের কারণে ফেরির গ্যাংওয়ে প্রতি মাসে একাধিকবার পুনরায় স্থাপন করতে হয়। গত মাসে একবার গ্যাংওয়ে সরিয়ে পুনরায় স্থাপন করা হয়েছে।
পিরোজপুর সওজের উপসহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম ও মো. ফখরুল ইসলাম বলেন, কুমিরমারা প্রান্তে নদীর তীর থেকে ২০ ফুট জায়গাজুড়ে মাটিতে ফাটল দেখা দিয়েছে। চরখালী ফেরিঘাটের চরখালী প্রান্তে নদীভাঙনের কারণে গ্যাংওয়ের নিচের মাটি সরে গিয়ে সেটি দেবে গেছে। চরখালী ফেরিঘাটের টগরা প্রান্তে ১০ থেকে ১২ মিটার সড়ক নির্মাণ করে পন্টুন পুনরায় স্থাপন করতে হবে। সওজ পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বে বলেন, ‘নদীভাঙনের কারণে বারবার ফেরির গ্যাংওয়ে ও পন্টুন নতুন করে পুনরায় স্থাপন করতে হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নদীশাসনের জন্য প্রকল্প গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অনুরোধ করার জন্য চিঠি দিয়েছি।’
পাউবো পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ বলেন, কচা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প চলমান রয়েছে। শীত মৌসুমে কাজটি শেষ হলে নদীভাঙন থেকে ফেরিঘাট দুটি রক্ষা পাবে। এ ছাড়া সন্ধ্যা নদীর ভাঙন রোধের জন্য বাংলাদেশ নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।