ভাঙনের কবলে ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে চার দিন ধরে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙনও। ইতিমধ্যে ঘাট এলাকার অন্তত ৩০ ফুট জায়গা নদীতে বিলীন হয়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে চার দিন ধরে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙনও। ইতিমধ্যে ঘাট এলাকার অন্তত ৩০ ফুট জায়গা নদীতে বিলীন হয়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন বেড়েছে। ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে ঘাট দুটি। এর মধ্যে একটি ঘাট ঈদের আগেই বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোয়ালন্দ কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (রোববার ভোর ছয়টা পর্যন্ত) পদ্মার গোয়ালন্দ পয়েন্টে ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমান এখানে পানির স্তর ৭ দশমিক ৪৮ সেন্টিমিটার। এভাবে গত চার দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়ার চারটি ফেরিঘাট ও আশপাশ এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় বলছে, নতুন করে পানি বাড়ায় দৌলতদিয়ার ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙনের প্রবণতা বেশি। ভাঙনের কারণে, বিশেষ করে ২ নম্বর ঘাট এরই মধ্যে সংকুচিত হয়ে এসেছে। বর্তমানে এ ঘাটের পন্টুন ও র্যা ম ঘাটের জন্য নির্মিত সড়কের নিচু স্তর থেকে সরিয়ে এনে মধ্যম স্তরে বসানো আছে। তবে এভাবে ভাঙন চলতে থাকলে কিছুদিন পর তা উঁচু স্তরেও (পাকা মূল সড়ক বরাবর) বসানো যাবে না। তখন বাধ্য হয়ে ঘাটটি বন্ধ করে দিতে হবে। এ ছাড়া একটি ঘাট থেকে অন্যটির মাঝের খালি স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেই। ফলে ওই স্থানগুলো বেশি ভাঙনের কবলে পড়ছে। এর রেশ পড়ছে মূল ঘাটেও।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ১ নম্বর ফেরিঘাট থেকে ২ নম্বর ঘাটের মাঝে এবং একইভাবে ২ নম্বর ঘাট থেকে ৩ নম্বর ঘাটের মাঝে কোনো ধরনের পাইলিং বা ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা নেই। ফলে স্রোতের প্রভাবে বিভিন্ন স্থান এরই মধ্যে ধসে নদীতে পড়েছে। কয়েক দিনের ভাঙনের কারণে ২ নম্বর ঘাটের ফেরির পন্টুন ও র্যা ম সরাতে সরাতে এখন পাকা সড়কের অন্তত ২৫ থেকে ৩০ ফুট সামনে এগিয়ে আনা হয়েছে। সড়ক-সংলগ্ন র্যা ম দিয়ে যখন গাড়ি ফেরিতে ওঠানামা করে, তখন পন্টুন ও র্যা ম উভয়ই কাঁপতে থাকে। ভাঙন থেকে রক্ষা পেতে এ ঘাটের আশপাশে থাকা বেশির ভাগ দোকানঘর আগেই সরিয়ে নিয়েছেন দোকানিরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভাঙনের ফলে ২ নম্বর ঘাট সংকুচিত হয়ে আসছে। ভাঙনের মাত্রা আরও বেড়ে গেলে ঈদের আগেই ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি বিআইডব্লিউটিসির পাশাপাশি বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয় ও দৌলতদিয়া ঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। যদি ভাঙনের মাত্রা বেড়েই যায়, তাহলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘নতুন করে ভাঙন দেখা দিয়েছে বলে শুনেছি। কিন্তু ঈদের আগে পরিস্থিতি খারাপ হলে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাত্রী ও যানবাহন পারাপারের ব্যবস্থা করা হবে।’