ভাঙনের কবলে ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের কাজিরহাট ফেরিঘাট এলাকা। গত এক সপ্তাহে কাজিরহাট ফেরিঘাট থেকে দক্ষিণে মাশুমদিয়া ইউনিয়নের নতিবপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) বেড়া-সুজানগর অঞ্চলের জন্য সর্বাধিক বরাদ্দ থাকলেও তা কার্যত দেখা যাচ্ছে না। গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, কাজিরহাট ট্রাকটার্মিনাল থেকে বর্ধিত একটি সড়ক তৈরি করে নদীর পাড়ে লঞ্চ ও ফেরিঘাট করা হয়েছে। সড়কের শেষের অংশ ভাঙনে এবড়োখেবড়ো হয়ে রয়েছে। এ কারণে সড়কটির শেষ অংশের একপাশে ফেরিঘাটের জন্য পন্টুন ও অন্যপাশে লঞ্চঘাট তৈরি করা হয়েছে। সমতল ভূমি হওয়ায় ফেরিঘাটের পন্টুনটি এখনো কিছুটা নিরাপদে রয়েছে। পাশের লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়েছে ভাঙন। এই ঘাট থেকে নদীর পাড় ঘেঁষে যত দূর চোখে পড়ে, তত দূর ভাঙতে দেখা যাচ্ছে। ১৫ থেকে ২০ মিনিট পরপর বড় বড় মাটির চাপ নিয়ে নদীতে ভেঙে পড়ছে ফসলি জমি। স্থানীয় বাসিন্দা আবদুস ছালাম সরদার জানান, ১৫ দিন আগে নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভাঙন শুরু হয়। দিনে দিনে ভাঙনের ভয়াবহতা বাড়ছে। গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে ইতিমধ্যে শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ ছাড়া হুমকির মুখে রয়েছে কাজিরহাট ফেরিঘাট, লঞ্চঘাট, একটি পাকা মসজিদসহ বেশ কিছু বসতবাড়ি। উপজেলার রাজধরদিয়া গ্রামের মঞ্জুর আলম শিকদার জানান, তিনি নদীর পাড়ে প্রায় ২৫ বিঘা জমিতে বাউকুল, আপেলকুল ও পেয়ারার বাগান করেছিলেন। পুরো বাগানটি এখন ভাঙনের কবলে। তাঁর মতো স্থানীয় বহু মানুষ আবাদি জমিটুকু হারিয়ে নিঃস্ব হচ্ছেন। মাশুমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, ১০ বছর ধরে এলাকাটি ভাঙনের কবলে। প্রতিবছরই নদীর পানি বৃদ্ধি ও কমে যাওয়ার সময় নদী ভাঙে। কিন্তু এই ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রূপপুর ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম মোল্লা বলেন, তাঁদের জানামতে নদীশাসন ও ভাঙন প্রতিরোধে পাবনার মধ্যে বেড়া-সুজানগর পাউবোর আওতাভুক্ত এলাকাগুলোর জন্য সর্বাধিক বরাদ্দ এসেছে। এলাকাটি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নির্বাচনী এলাকা বিধায় তিনিও ভাঙন প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। স্থানীয়ভাবে পাউবোকে কয়েক দফা এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু তারা ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ প্রসঙ্গে পাউবো বেড়া-সুজানগর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙনের কথা তিনি শুনেছেন। কিন্তু সময়ের অভাবে ওই এলাকায় যেতে পারেননি। পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হলে এলাকাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।