ভাঙনের কবলে বটিয়াঘাটা চার একর জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভদ্রা নদীর ভাঙন শুরু হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ভদ্রা নদীর ভাঙন শুরু হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বার আড়িয়া গ্রামের শহীদ সরণি মহাবিদ্যালয় থেকে বার আড়িয়া খেয়াঘাট পর্যন্ত বেড়িবাঁধের প্রায় দেড় কিলোমিটার ধরে ভদ্রা নদীর ভাঙন চলছে। গত মাসে সেখানকার ২৫টি ঘর ও অন্তত চার একর জমি নদীতে বিলীন হয়েছে। আরও প্রায় ১৫টি ঘর যেকোনো মুহূর্তে নদীতে চলে যেতে পারে।
বার আড়িয়া গ্রামের লোকজন জানান, ১৯৮৫ সালের দিকে প্রথম ভাঙনের সূত্রপাত। তখন ভাঙন তেমন প্রবল ছিল না। ২০০৭ সালের দিকে ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। একের পর এক ভাঙনে বিলীন হতে থাকে ঘরবাড়ি, বসতভিটাসহ কৃষিজমি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ পাঁচবার বিলীন হয়েছে। পাউবো এখন গ্রামের মধ্য দিয়ে রিং বাঁধ দিচ্ছে। এতে ভাঙন আরও বাড়ছে বলে জানিয়েছেন গ্রামের লোকজন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বার আড়িয়া বাজারসংলগ্ন কয়েকটি ঘর ভেঙে নদীতে চলে গেছে। আরও ১৫টির মতো ঘরের অর্ধেক ভেঙে গেছে। যেকোনো সময় বাকিটুকুও ভেঙে পড়বে। ভাঙন আতঙ্কে অনেকে নদীর পাশ থেকে ঘর সরিয়ে নিচ্ছেন। ভাঙনের ১০০ গজ দূর দিয়ে পাউবোর রিং বাঁধ তৈরির কাজ চলছে।
গ্রামের প্রবীণ ব্যক্তি প্রফুল্ল কুমার মণ্ডল (৯০) বলেন, ‘১৯৪০ সালের দিকে নদীটি শুকনো ছিল। দেলুটে ও চরকী নদী বন্ধ হওয়ায় শিপসা নদীর পানির চাপে মূলত এই নদী ভাঙতে শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘গত সাত-আট বছরের ভাঙনে সেজবুনিয়া ও বার আড়িয়া মৌজার প্রায় ২৫০ একর জমি নদীতে চলে গেছে। আমার দুই তলা বাড়ি ও দুটি বড় পুকুর নদীতে বিলীন হয়ে গেছে।’
একই অবস্থা শচ্চীদানন্দ চক্রবর্ত্তীর (৮০)। তিনি বলেন, ‘চোখের সামনে আমার দালানবাড়ি, গোয়ালঘর একে একে সব বিলীন হয়ে গেল। এ পর্যন্ত তিন থেকে সাড়ে তিন শ বাড়ি নদীতে চলে গেছে। দেখার কেউ নেই।’
গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৫০) বলেন, ‘নদী ভাঙে আর বাঁধ বিলীন হয়। কিন্তু অবদা (পাউবো) লোকরা নদীভাঙন রোধ না করে আমাদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে বাঁধ দেয়। ফলে আমাদের জমি নষ্ট হয়। এভাবে জমি দিতে দিতে আমাদের এখন জমি নেই বললেই চলে।’
পাউবো খুলনা-১-এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘চলতি ভাঙন রোধে আমরা একটি রিংবাঁধ দিচ্ছি। তা ছাড়া স্থায়ীভাবে ভাঙন রোধে একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে। সেটি হলে আর কোনো সমস্যা থাকবে না।’