ভাঙনের কবলে বিদ্যালয়, গাছতলায় ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে নতুন কোনো ঘর তৈরি করা হয়নি। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে নতুন কোনো ঘর তৈরি করা হয়নি। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)

নদীভাঙনের কারণে সরিয়ে নেওয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সেই বিদ্যালয়ের নতুন ঘর না হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হচ্ছে। রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা নেই।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড়সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা ফেরদৌসী জানান, পদ্মার গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে গত ২০ আগস্ট খুলনা-দৌলতদিয়া মহাসড়কের নুরুমণ্ডলপাড়ায় বিদ্যালয়টি সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানে নতুন কোনো ঘর তৈরি করা হয়নি। শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে অনেক কষ্ট করতে হচ্ছে। বিদ্যালয়ের জরুরি আসবাব পাশের বাড়িতে রাখতে হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ভাঙন থেকে রক্ষা করতে বিদ্যালয়টি সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘর তোলার জন্য স্থানীয়ভাবে কিছু টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার নুরুমণ্ডলপাড়ায় সরেজমিনে দেখা যায়, নতুন ঈদগাহ মাঠের খোলা আকাশের নিচে বিদ্যালয়ের টিন, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব রাখা। ওই মাঠের পাশের বাড়ির উঠানে ও গরুর গোয়ালের পাশে গাছতলায় কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করছে। রোদ-বৃষ্টি থেকে রক্ষার কোনো ব্যবস্থা নেই।

নভেম্বর মাসে সমাপনী পরীক্ষা—এ কথা উল্লেখ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শম্পা জানায়, খোলা আকাশের নিচে ক্লাস করতে সমস্যা হচ্ছে। বৃষ্টির সময় ক্লাস করার উপায় থাকে না। এতে ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার আহম্মেদ বলেন, সরকারিভাবে বিদ্যালয় নির্মাণের বরাদ্দ নেই। তবে দৌলতদিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের আর্থিক সহযোগিতায় খুব শিগগিরই জমি কিনে ঘর তৈরির কাজ শুরু হবে।