ভাঙনের কবলে বিদ্যালয়
নড়াইলের লোহাগড়া উপজেলা কোটাকোল ইউনিয়নের তেলকাড়া-করগাতি গ্রামে অবস্থিত টি-করগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বিদ্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে রয়েছে নদী। ভাঙন উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তীরে ঝুঁকি নিয়ে ভিড় করছে। বর্তমান বিদ্যালয়ে একটি একতলা ভবন ও একটি টিনশেড ঘর আছে। শিক্ষার্থী ৩১১ ও শিক্ষক আছেন ছয়জন।প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার সাহা জানান, এর আগে দুবার বিদ্যালয়টি নদীগর্ভে গেছে। এবার ভেঙে গেলে শিক্ষার্থীদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। সহকারী শিক্ষক শাহানা সুলতানা বলেন, ‘বাচ্চারা কৌতূহলী। আমাদের অজান্তেই ভাঙনের মুহূর্তে পাড়ে দাঁড়াচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কে থাকি।’ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রোকসানা, আলিনুর, বোরহানউদ্দিন ও আনিয়া জানায়, ভাঙন দেখতে ভালো লাগে।স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, এ অবস্থায় ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টি পাউবোর আওতাধীন। তাদের অবহিত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফার রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কুমার মণ্ডল বলেন, বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘ভাঙনকবলিত বিদ্যালয়টি সম্প্রতি পরিদর্শন করেছি। ওই ইউনিয়নের আটটি গ্রাম মধুমতীর ভাঙনের কবলে। এ ব্যাপারে আজ (রোববার) জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা হবে।’