ভাঙনের কবলে সড়ক, কমছে শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে সড়কের বেশির ভাগ অংশ বিলীন হয়েছে। সেই রাস্তার কিনার ঘেঁষে ঝুঁকি নিয়ে বিদ্যালয় থেকে ফিরছে শিক্ষার্থীরা। সাহাপুর এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
নদীতে সড়কের বেশির ভাগ অংশ বিলীন হয়েছে। সেই রাস্তার কিনার ঘেঁষে ঝুঁকি নিয়ে বিদ্যালয় থেকে ফিরছে শিক্ষার্থীরা। সাহাপুর এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়কটির বেশির ভাগ অংশ নদীতে বিলীন হয়েছে। শুধু হেঁটে চলার মতো কিছু অংশ অবশিষ্ট রয়েছে। সেই অংশটুকুও এখন ধসে পড়ছে। বিকল্প না থাকায় ওই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর-বামনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়কের চিত্র এটি।

উপজেলার মশিন্দা ইউনিয়নের চুনু সরকারের চাতাল থেকে সাহাপুর-বামনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গুমানী নদীর তীরঘেঁষে সেখানে ১০ ফুট প্রস্থের কাঁচা সড়ক ছিল। ওই সড়কেই চলাচল করত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামের মানুষ। গত ১০ বছরে নদীতে বিলীন হয়ে গেছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে। বিকল্প সড়ক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সাহাপুর-বামনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় প্রধান শিক্ষক বিপ্লবী কুণ্ডর সঙ্গে। তিনি বলেন, বিদ্যালয়ে আগে প্রায় ৩০০ শিক্ষার্থী ছিল। সড়কটি নদীতে ভেঙে পড়ায় শিক্ষার্থী কমছে। বর্তমানে রয়েছে ১৯৫ জন। তারাও ঠিকমতো বিদ্যালয়ে আসে না। ওই সড়কে চলাচলের সময় নদীতে পড়ে যেতে পারে, এমন আশঙ্কায় অভিভাবকেরা বিদ্যালয়ে শিশুদের পাঠাতে ভয় পান। অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে সকালে রেখে যান এবং ছুটির পর নিয়ে যান। শিক্ষকেরাও অনেক সময় শিক্ষার্থীদের ওই সড়ক পার করে দেন। তারপরও সড়কটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই।

বামনকোলা গ্রামের চাতালমালিক চুনু সরকার বলেন, ‘নদী ভাঙনরোধে বাঁশের চাটাই ও বাঁশ পুঁতে সড়কসহ চাতাল রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। শিশুদের নিরাপদ চলাচলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ শম্পা, মানছুরি, শ্রাবণী, শীলাসহ অন্তত ১০ জন শিক্ষার্থী জানায়, বিকল্প সড়ক না থাকায় নদীর তীরের ভাঙা সড়ক হয়েই তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক ভিজে যায়।

স্থানীয় বাসিন্দা হাজি মাহফুজুর রহমান জানান, এই সড়কটি দিয়ে আগেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ শিকারপুর, সাহাপুর ও বামনকোলা গ্রামের মানুষ চলাচল করত। এখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরপথে ওই গ্রামের মানুষ চলাচল করলেও শিক্ষার্থীদের দুর্ভোগ কমছে না। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নদী ভাঙনরোধ ও সড়ক মেরামতের দায়িত্ব জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের। এখানে তাঁর কিছুই করার নেই।

উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার বলেন, গত সোমবার ওই সড়কটির বিষয়ে জানতে পেরে একজন উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

মশিন্দা ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গতকাল মুঠোফোনে বলেন, ঈদের পর বালুর বস্তা ফেলে ওই সড়ক চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পরে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে।