ভাঙনের কবলে ১৯ কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের বেলতলায় পানি শোধনাগার প্রকল্পটি কীর্তনখোলা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে। ভাঙন থেকে রক্ষার জন্য বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীর তীর ঘেঁষে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বরিশাল নগরের বেলতলায় পানি শোধনাগার প্রকল্পটি কীর্তনখোলা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে। ভাঙন থেকে রক্ষার জন্য বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীর তীর ঘেঁষে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনের কবলে পড়েছে বরিশাল নগরে নবনির্মিত পানি শোধনাগার প্রকল্প (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) এলাকা। গত কয়েক দিনে অধিক উচ্চতার জোয়ারের তোড়ে ধসে পড়েছে প্ল্যান্টটির সুরক্ষা দেয়ালের বড় অংশ। ফাটল ধরেছে সামনের মূল ফটকের বড় এলাকাজুড়েও। নদীর ভাঙন ধেয়ে আসছে প্ল্যান্টের বিভিন্ন স্থাপনার দিকে।
ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় শোধনাগারের ভবিষ্যৎ নিয়েই সংশয়ের সৃষ্টি হয়েছে। এটির নির্মাণকাজ এক বছর আগে শেষ হলেও বিদ্যুৎ-সংযোগের অভাবে এখনো চালু করা যায়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্ল্যান্টের মূল ফটকের সামনে প্রায় ২০০ ফুট এলাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। পূর্ব পাশের বিশাল অংশ ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। কিন্তু তা তেমন কাজ দিচ্ছে না। পূর্ব পাশ দিয়ে নদী ভাঙতে ভাঙতে কেমিক্যাল ভবন, ট্যাংকি ও পানি ধরে রাখার পুকুরগুলোর পাড় পর্যন্ত চলে এসেছে।
বালুর বস্তা ফেলার কাজ তদারক করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়ের কার্যসহকারী দুলাল বাহাদুর। তিনি বলেন, জরুরিভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গুচ্ছে প্রায় ছয় হাজার বালুভর্তি বস্তা ফেলা হয়েছে। তিনি বলেন, বালুর বস্তা ফেলে ভাঙন পরিস্থিতি সাময়িক সামাল দেওয়া গেলেও প্ল্যান্টটি রক্ষা করতে হলে টেকসই প্রকল্প দরকার। নইলে অচিরেই প্ল্যান্টের স্থাপনা হুমকির মুখে পড়বে। শুধু এই প্ল্যান্ট এলাকা নয়, ভাঙনের হুমকিতে আছে বেলতলা ফেরিঘাট, জাহাজ নির্মাণ শিল্প এলাকা, দুটি বস্তি, একটি ময়দার মিলসহ আশপাশের অন্তত ২০০ স্থাপনা।
নগরের আমানতগঞ্জের বেলতলা এলাকায় ১৯ কোটি টাকা ব্যয়ে এই শোধনাগার নির্মাণ করেছে সিটি করপোরেশন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্ল্যান্ট নির্মাণ করা হয়।
পানি শোধনাগার নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা ট্রেডার্সের ব্যবস্থাপক মো. সোলায়মান বলেন, অতি সম্প্রতি শোধনাগারের কেমিক্যাল বিল্ডিংয়ের সুরক্ষা দেয়ালের ১০০ ফুট নদীগর্ভে চলে গেছে। আশপাশের ভূমি দেবে পুরো প্ল্যান্টটিই এখন হুমকির মুখে পড়েছে।
এ অবস্থা চলতে থাকলে প্ল্যান্টের কেমিক্যাল বিল্ডিং যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম।
পাউবোর বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক প্রথম আলোকে বলেন, প্রকল্প এলাকায় জরুরি ভিত্তিতে ছয় হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। এ ছাড়া প্ল্যান্ট ও আশপাশের এলাকা সুরক্ষায় ১৯১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ত্রুটির কারণে সেটি ফেরত এসেছে। ত্রুটি সংশোধন করে পুনরায় প্রস্তাবটি পাঠানো হবে এবং এটি একনেকে অনুমোদন পেলে কাজ শুরু করা যাবে।
কীর্তনখোলা নদীর পানি শোধন করে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য আমানতগঞ্জ ও সাগরদীতে আলাদা দুটি পানি শোধনাগার প্রকল্প হাতে নেয় সিটি করপোরেশন। এই দুটি প্ল্যান্ট থেকে দিনে এক কোটি গ্যালন পানি সরবরাহ করা যাবে বলে কর্মকর্তারা মনে করছেন।