বগুড়ার ধুনটে যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের পুরোনো বাঁধের ২০০ মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। গত দুই দিনে এ এলাকার আটটি পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ও বরইতলী গ্রামের কাছে বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধ ও যমুনা নদীর ভাঙনরোধের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ২০০৯ সালে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়। কুষ্টিয়া জেলার বশির আহম্মেদ, মেহপুরের মালিথা ট্রেডার্স ও রংপুরের সারদুল ইসলাম নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে বোল্ডার ও বালুর বস্তা ফেলে দুই বছর আগে প্রকল্পের কাজ শেষ করে। এ অবস্থায় গত বুধবার সকাল থেকে সেখানে ভাঙন দেখা দেয়।
ইতিমধ্যে নদীপাড়ে পুরোনো বাঁধের প্রায় ২০০ মিটার এলাকার পাশে ৩০ মিটার ভেঙে বিলীন হয়ে গেছে। এতে পুরোনো বাঁধে অবস্থান নেওয়া সোহরাব হোসেন, সুয়েল হোসেন, আলতাব হোসেন, ছানোয়ার হোসেন, রেণু বেগম, রোজিনা আক্তার, আবদুল কাদের ও সোহেল রানার পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসব পরিবারে অনেকবার নদীভাঙনের শিকার হয়ে এই বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধে আশ্রয় নিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ভাঙনকবলিত এলাকার মানুষের বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় তাঁরা ভাঙা ঘরবাড়ি অন্য এলাকায় সরিয়ে নিচ্ছেন। একদিকে মাথার ওপর চাল নেই, অন্যদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চাল থাকলেও রান্না করার কোনো অবস্থা নেই।
সোহরাব হোসেন (৬০) বলেন, ‘আটবার নদীভাঙনে পইড়া সব হাইরা গেছে। চার বছর হলো এহেনে ছওয়াল-মাইয়া নিয়ে থাকছি। এহেনে আজ তাও ভাইঙা গেল। এহন হেগরে নিয়ে যাইমু কই।’ রোজিনা আক্তার (৩০) বলেন, ‘হে কয় দিন আগেই নদীপাড় থাইকা ঘরবাড়ি ভাইঙ্গা এহেনে আইসা থাকুনছে। আবারও এহন ভাঙনে পড়ছি। এহন টেহাপয়সা নাই। ঘরবাড়ি ভাইঙা নিয়া যামু কোনহানে। নিজের তো আর জায়গা জমিন নাই। একনা পাটের জমি আছে। তাও ভাইঙা যাইতেছে।’
আলতাব হোসেন (৬০) বলেন, এভাবে তিনি ১০-১২ বার ভাঙনের কবলে পড়ে বাড়িঘর ও বসতভিটা হারিয়েছেন। প্রায় নয় বছর আগে এই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছিলেন। এখানে দুই বিঘা ফসলি জমি, তিনটি টিনের ঘর আর পাঁচটি গরু ছিল তাঁর। এখানে তিনি ভালোই ছিলেন। কিন্তু বুধবার রাতে আবারও যমুনা তাঁর সব কেড়ে নিয়েছে। এখন কোথায় যাবেন সেই ঠিকানাও জানা নেই তাঁর।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, বুধবার সকাল থেকে আটটি পরিবারের বাড়িঘর বসতভিটা যমুনাগর্ভে চলে গেছে। এ ছাড়া ওই এলাকায় ১০-১৫টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধের কাজ করা না হলে তীর সংরক্ষণ প্রকল্পের কয়েক কোটি টাকা যমুনার জলে ভেসে যাবে এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে পড়বে।
বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী হারুনার রশিদ বলেন, যমুনা নদীর পানি প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীর সংরক্ষণ প্রকল্পে আঘাত করেছে। এ কারণে সেখানে ভাঙন দেখা দিয়েছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শুক্রবার সকাল থেকে জরুরি ভিত্তিতে ভাঙনরোধের ব্যবস্থা গ্রহণ করা হবে।