ভাঙনের ঝুঁকিতে গ্রাম সেতু ও ফসলি জমি
শরীয়তপুরের কীর্তিনাশা, জয়ন্তিয়া, বয়রা ও পদ্মার শাখা নদীর শতাধিক স্থান থেকে অনুমোদন ছাড়া খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে ভাঙনের হুমকিতে পড়েছে গ্রাম, কৃষিজমি ও সেতু।নড়িয়া উপজেলার চরনড়িয়া গ্রামের বাসিন্দা মিনহাজুল ইসলাম বলেন, ‘গোলাম মাওলা সেতুর কাছ থেকে দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এর ফলে সেতুটি ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরে থাকলেও তারা কাউকে বাধা দেয় না। ইতিমধ্যে সেতুর পূর্ব প্রান্তে সংযোগ সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে।’ স্থানীয় ব্যক্তি ও বালু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও মেঘনা নদী থেকে শরীয়তপুরের ওপর দিয়ে কীর্তিনাশা, জয়ন্তিয়া, বয়রা ও পদ্মার শাখা নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে কীর্তিনাশার রয়েছে পাঁচটি শাখা। এসব নদীর শতাধিক স্থানে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। একেকটি খননযন্ত্র দিয়ে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার ঘনফুট বালু তোলা হয়। স্থানভেদে প্রতি ঘনফুট বালু ৮ থেকে ১০ টাকা করে বিক্রি করা হয়। নদীর তীর থেকে পাইপের সাহায্যে দূরে বালু নিয়ে বিভিন্ন স্থানের পুকুর, ডোবা-নালা ভরাট করা হয়। অনেক ব্যবসায়ী নদীর তীরে বালু মজুত করে ট্রাকে ভরে ক্রেতাদের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ বালু তোলা শুরু হয়।গত শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, নড়িয়া-জাজিরা সড়কের গোলাম মাওলা সেতুর ২০০ মিটার এলাকার মধ্যে কীর্তিনাশা নদীতে চারটি খননযন্ত্র বসানো হয়েছে। নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের কাছে কীর্তিনাশা নদীর এক কিলোমিটার এলাকায় চারটি খননযন্ত্র বসানো হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার সখীপুর-তারাবুনিয়া সড়কের পাশে আনন্দবাজার এলাকায় দুটি এবং চাঁদপুর-শরীয়তপুর সড়কের বালার বাজার ও নরসিংহপুর এলাকায় দুটি খননযন্ত্র বসানো হয়েছে। নড়িয়া উপজেলার বৈশাখী পাড়া গ্রামের আবদুল জলিল বলেন, ‘এখানে খননযন্ত্র বসিয়ে দীর্ঘদিন থেকে বালু তোলা হচ্ছে। আমাদের অনেক ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। বসতবাড়িও হুমকির মধ্যে রয়েছে। বালু তোলা বন্ধের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। তার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি।’ একই ধরনের কথা বলেন ভেদরগঞ্জের বালার বাজারের বাসিন্দা খলিলুর রহমানসহ কয়েকজন।ভেদরগঞ্জের বালার বাজারের বালু ব্যবসায়ী জামাল সরদার বলেন, ‘বালু উত্তোলনের জন্য বৈধভাবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা জানে। তাদের সঙ্গে যোগাযোগ রেখেই বালুর ব্যবসা করছি।’নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার ব্যবসায়ী সামছুল হক রাড়ী বলেন, ‘মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করে। তাদের আসার সংবাদ পেলে আমরা ড্রেজার সরিয়ে ফেলি।’শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, বালুমহাল ইজারা-প্রক্রিয়া বন্ধ থাকায় বালু তোলার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে কিছু লোক বালু তুলছে। সংশ্লিষ্ট উপজেলার ইউএনও ও ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনেকের খননযন্ত্র জব্দ করা হয়েছে। অনেক বালু ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে।