নওগাঁর বদলগাছি উপজেলার চক আধাইপুর গ্রামের আবাদি জমি থেকে গভীর করে খনন করে মাটি নিয়ে যাওয়ায় আশপাশের ফসলি জমিগুলো ভাঙনের হুমকিতে পড়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আধাইপুর ইউনিয়নের চক আধাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মালিকানাধীন প্রায় এক বিঘা জমি থেকে বালু ব্যবসায়ী নুরুন্নবী শ্রমিক লাগিয়ে মাটি ও বালু কেটে নিচ্ছেন। তিনি প্রায় দেড় মাস ধরে এ কাজ করছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক্টর মাটি-বালু সরিয়ে নিচ্ছেন তিনি। ফসলি মাঠের জমি এভাবে কেটে নেওয়ায় আশপাশের জমির জন্য তৈরি হয়েছে ভাঙনের হুমকি। ফসলি মাঠ থেকে এভাবে মাটি কেটে নেওয়া বন্ধের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
সম্প্রতি চক আধাইপুর গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। জমিতে ট্রাক্টর এসে মাটি ও বালু নিয়ে যাচ্ছে। গভীর করে খনন করায় পাশের জমিগুলো পড়েছে ভাঙনের হুমকিতে।
চক আধাইপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, জমির মালিক তোফাজ্জল হোসেন তাঁর জমিটি বালু ব্যবসায়ীর কাছে ইজারা দিয়েছেন। বালু ব্যবসায়ী সেখান থেকে মাটি ও বালু কেটে নিয়ে সড়ক নির্মাণকারী ঠিকাদারের কাছে বিক্রি করছেন। গভীর করে খনন করে নেওয়ার পর তৈরি হওয়া খাদে বৃষ্টির পানি জমে মাঠের অন্য ফসলি জমির জন্য ধসের হুমকি তৈরি করছে।
জমির মালিক তোফাজ্জল হোসেন বলেন, তাঁর ১২ কাঠা জমিতে তেমন ফসল হয় না। তাই সেখানে পুকুর করতে চাচ্ছিলেন। এদিকে এলাকায় একটি রাস্তা করা হচ্ছিল। তখন সেই রাস্তার কাজ করা ঠিকাদারের কাছে তিনি বালু ও মাটি নিতে জমি ইজারা দেন। ঠিকাদার এখন তাঁর লোকজন লাগিয়ে মাটি ও বালু কেটে নিচ্ছেন।
বালু ব্যবসায়ী নুরুন্নবী বলেন, তিনি ইজারা নেননি। জমির মালিক নিজেই সড়ক নির্মাণকারী ঠিকাদারের কাছে মাটি ও বালু কেটে নেওয়ার জন্য জমিটি ইজারা দিয়েছেন। তিনি শুধু ট্রাক্টর দিয়ে মাটি ও বালু সড়কে পৌঁছে দিচ্ছেন।
বদলগাছি উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, ‘কেউ নিজের কৃষিজমিতে পুকুর খনন করে তাহলে আমার করার কিছু নেই। তবে ইউএনও এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রয়েছে।’
ইউএনও হুসাইন শওকত বলেন, কেউ ফসলি জমির শ্রেণি বদলে মাটি ও বালু নিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।