টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদের ত্রিমোহন, গোড়াইল, চাকলেশ্বর ও কোদালিয়া এলাকায় খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ওই চারটি গ্রাম ছাড়াও প্রায় ২০টি গ্রাম রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধ ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।বালু উত্তোলন বন্ধ করতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকার কয়েকজন জানান, ঢাকার এন এন বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৫ দিন আগে বংশাই নদের কোদালিয়া এলাকায় খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন শুরু করে। এর এক সপ্তাহ আগে ওই প্রতিষ্ঠানের লোকজন ত্রিমোহন, গোড়াইল ও চাকলেশ্বর এলাকায় বালু উত্তোলন শুরু করে। এতে সহস্রাধিক একর আবাদি জমি ও শতাধিক ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ভয়ে তাঁরা কিছু বলছেন না। বালু উত্তোলন বন্ধ করতে এলাকাবাসী ইউএনওর কাছে আবেদন করেন। এর পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সরেজমিনে দেখা যায়, ত্রিমোহন থেকে গোড়াইল হয়ে চাকলেশ্বর পর্যন্ত এক কিলোমিটার এলাকায় নয়টি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর পাশেই পাউবোর বাঁধ। বাঁধটি তরফপুর থেকে ভুলয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ। বাঁধটির ত্রিমোহন এলাকায় ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। নদী থেকে উত্তোলন করা বালু নিতে আসা বলগেটের (নৌযান) মাঝি আজিজ মিয়া ও শ্রমিক বাবুল মিয়া জানান, মাঝারি আকারের একটি বলগেটে ১০ হাজার ঘনফুট বালু নেওয়া যায়। তাঁদের হিসাবমতে, নয়টি খননযন্ত্র দিয়ে ত্রিমোহন, গোড়াইল ও চাকলেশ্বর এলাকার নদী থেকে গড়ে প্রতিদিন চার লাখ ৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে।চাকলেশ্বর গ্রামের হাবেল মৃধা (২৫) বলেন, যে অবস্থা শুরু হয়েছে তাতে গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ত্রিমোহন গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধ না করলে বাঁধ ভেঙে ২০টি গ্রামের আবাদি জমিসহ সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে এন এন বিল্ডার্সের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল প্রথম আলোকে বলেন, দরপত্রের মাধ্যমে তাঁরা বালু উত্তোলনের কাজ পেয়েছেন, যা জেলা প্রশাসক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ভূমি মন্ত্রণালয়ের অনুমোদিত। উত্তোলন করা বালু গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য মাটি ভরাটের কাজে ব্যবহূত হচ্ছে। পাউবোর টাঙ্গাইলের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘এমনিতেই পাউবোর বাঁধটি কোনোরকমে জোড়াতালি দিয়ে রক্ষা করে চলছি। এই অবস্থায় নদীতে খননযন্ত্র চলতে থাকলে বাঁধটি যেকোনো মুহূর্তে ভেঙে যাবে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বালু উত্তোলন বন্ধের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের বিষয়টি অনুমোদিত বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি জেনেছেন। তবে বাঁধ রক্ষা ও এলাকাবাসীর ক্ষতির বিষয়টি বিবেচনা করে পাউবোর প্রকৌশলীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোয়াইব আহমাদ খানের সঙ্গে কথা বলতে বলেন। শোয়াইব আহমাদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বাইরে আছি। কাগজপত্র দেখে এ বিষয়ে পরে কথা বলব।’