ভাঙনের ঝুঁকিতে সড়ক, বসতি

মেঘনার তীব্র ভাঙনে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরের এক কিলোমিটার সড়ক ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে ঝুঁকিতে আছে চারটি ইউনিয়নের লক্ষাধিক বসতবাড়ি ও সহস্রাধিক প্রতিষ্ঠান।
২০১৩ সালে উপজেলার দক্ষিণ রাজাপুরের দুই কিলোমিটার সড়ক ভাঙনের কবলে পড়ে। চলতি বছর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই সড়কের ৪৮০ মিটার তীর সংরক্ষণ করে। অবশিষ্ট ১ হাজার ৫২০ মিটারের তীর সংরক্ষণ ও সড়ক সংস্কার হয়নি। ফলে যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সড়কটি। এটি ভেঙে পড়লে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ও পশ্চিম ইলিশা এবং বাপ্তাসহ চারটি ইউনিয়ন প্লাবিত হবে। বর্তমানে ভাঙা ও গর্তওয়ালা ওই সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।
ভোলা জেলা স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ অপু বলেন, পাউবো দক্ষিণ রাজাপুরের শেষ দুই কিলোমিটারে ব্লক ফেলে সংরক্ষণ না করলে সড়ক বিভাগ, বিআইডব্লিটিএ ও লক্ষাধিক বসতির ব্যাপক ক্ষতি হবে।
সরেজমিনে দেখা গেছে, ভাঙনে দক্ষিণ রাজাপুর ঢালিরখাল থেকে পূর্ব ইলিশা বিশ্বরোডের লঞ্চঘাট পর্যন্ত মেঘনায় বিলীন হচ্ছে। এ দুই কিলোমিটারের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর এক কিলোমিটার হচ্ছে সওজের বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের শেষ অংশ। জোয়ারের স্রোতে মহাসড়কের মাটি ধুয়ে যাচ্ছে। সম্পূর্ণ বিলীন হওয়া থেকে সড়কটি রক্ষায়, ইট ও বালু ফেলা হয়েছে। কোথাও ব্লক ফেলে সড়কের তীর সংরক্ষণ করা হয়েছে। কোথাও পাইলিং করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের জামালউদ্দিনের বাড়ি থেকে ফেরিঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কের নদীর তীরের অংশ ভেঙে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুটি ট্রাক বা যানবাহন পাশাপাশি চলতে পারছে না। আগে এখানে একটি বাসস্ট্যান্ড ছিল, সেটি মেঘনায় ভেঙে গেছে।
ভোলা-চট্টগ্রাম সড়কপথের দূরপাল্লার বাস মালিক সমিতির আহ্বায়ক ও ভোলা ট্রান্সপোর্টের মালিক আবু মিয়া বলেন, কোনো বিভাগেরই সড়কটি নিয়ে কোনো মাথাব্যথা নেই। চালক ও যাত্রীরা এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
রেজাউল হক রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, দক্ষিণ রাজাপুরের ঢালীর খাল থেকে বিশ্বরোড লঞ্চঘাট পর্যন্ত দুই কিলোমিটারে মেঘনার তীরে ব্লক ফেলা জরুরি। বিশেষ করে গাজীপুর হাট থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ভাঙনের মুখে পড়েছে। ওই দুই কিলোমিটার সড়ক রক্ষা পেলে ইলিশা ফেরিঘাট, ভোলা-লক্ষ্মীপুর সি-ট্রাক ঘাট, ইলিশা-ঢাকা লঞ্চঘাট, ইলিশা-চরফ্যাশন বাসস্ট্যান্ড, জংশন বাজার, ইসলামিক মিশন হাসপাতাল, মৌলভীরহাট হোসাইনিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসা, মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রসহ চারটি ইউনিয়নের সহস্রাধিক প্রতিষ্ঠান ও লক্ষাধিক বসতি রক্ষা পাবে। জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘সড়কটি রক্ষা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’
ভোলা সওজের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, নদীতীরের কমপক্ষে এক কিলোমিটার মহাসড়ক রক্ষা করতে প্রায় চার কোটি টাকা দরকার। টাকা পাওয়া গেছে দুই কোটি। তাই ৪৮০ মিটার তীর সংরক্ষণ করা হয়েছে।
ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, সড়ক ও বাঁধ রক্ষার কাজে অনেক টাকা দরকার। এত টাকা পাউবোর নেই। তীর সংরক্ষণের জন্য একটি প্রকল্প তৈরির প্রক্রিয়া চলছে।